প্রেস সচিব
দায়িত্ব শেষ হওয়ার পর সামাজিক কাজ নিয়ে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
উপদেষ্টারা দেশের গর্বিত সন্তান। তারা সরকারের বাইরে থেকেও দেশের কল্যাণে ভূমিকা রেখে যাবেন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম
অনন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষে প্রধান উপদেষ্টা পুনরায় তার বিশ্বব্যাপী বিস্তৃত সামাজিক কর্মকাণ্ডে মনোনিবেশ করবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টা সামাজিক কাজ নিয়েই ব্যস্ত থাকবেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, উপদেষ্টারা দেশের গর্বিত সন্তান। তারা দেশের জন্য নিরলস কাজ করেছেন এবং ভবিষ্যতেও এ দেশেই থাকবেন। সরকারের বাইরে থেকেও তারা দেশের কল্যাণে ভূমিকা রেখে যাবেন।
গঠিতব্য মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান প্রসঙ্গে তিনি জানান, আগামী মঙ্গলবার শপথ অনুষ্ঠানে উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে যাবেন এবং অনুষ্ঠান শেষে তাদের বাসায় পৌঁছে দেওয়া হবে পতাকা ছাড়া গাড়িতে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে ইতিহাসের ‘সেরা নির্বাচন’ হিসেবে অভিহিত করে শফিকুল আলম বলেন, গুমের শিকার ও জুলাই অভ্যুত্থানের নেতারা অংশ নেওয়ায় এ নির্বাচনের মাধ্যমে ইতিহাসের সেরা বিরোধী দল গঠিত হয়েছে।
তিনি আরও বলেন, ঐতিহাসিক ও সফল নির্বাচন আয়োজনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ ও আনসারসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন। তার দাবি, এ নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছে। ভোটগ্রহণ চলাকালে প্রধান উপদেষ্টা পুলিশ সদর দপ্তরে অবস্থান করে বডিওর্ন ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে ১৭টি কেন্দ্রের সঙ্গে সরাসরি কথা বলেন।
