লক্ষ্মীপুরের চার আসনেই বিএনপির জয়
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম
দীর্ঘ প্রতীক্ষার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনেই বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে দেখা যায়, জেলার প্রতিটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন।
নির্বাচনী প্রচারণা ঘিরে নানা আলোচনা-সমালোচনা ও উত্তেজনার মধ্যেও শেষ পর্যন্ত ভোটারদের রায়ে চারটি আসনেই নিজেদের অবস্থান পুনর্দখল করে বিএনপি। ফলাফল ঘোষণার পর জেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মোট ৯৩টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিম ৮৫ হাজার ৪৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি নেতা মাহবুব আলম শাপলা কলি প্রতীক নিয়ে পান ৫৬ হাজার ৪৩৭ ভোট।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে ১৫১টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী আবুল খায়ের ভূইঁয়া ১ লাখ ৪৫ হাজার ১২৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমিন ভূইঁয়া পান ১ লাখ ২৭ হাজার ৯৪৯ ভোট।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ১৩০টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ১ লাখ ৩৩ হাজার ৭৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রেজাউল করিম পান ১ লাখ ১৭ হাজার ৭৭৯ ভোট।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপি প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান ১ লাখ ১৩ হাজার ৭২৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আশরাফুর রহমান হাফিজ উল্যা পান ৭১ হাজার ১৫৯ ভোট।
চারটি আসনেই জয় নিশ্চিত হওয়ার পর বিএনপি নেতাকর্মীরা একে দলের সাংগঠনিক শক্তি ও জনগণের সমর্থনের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন। স্থানীয় নেতাদের দাবি, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই এই ফলাফল এসেছে।