EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পারলেন না তাসনিম জারা

সোশাল মিডিয়ায় তার বিশাল ফলোয়ার এবং তরুণদের উদ্দীপনা দেখে অনেকে চমকের আশা করলেও, ভোটের মাঠের সমীকরণে শেষ পর্যন্ত তিনি তৃতীয় হয়েছেন।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম

পারলেন না তাসনিম জারা

ছবি: সংগৃহীত

অ অ

মাঠের প্রচার আর সোশাল মিডিয়ার তুমুল আলোচনা- কোনোটিই শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছাতে পারল না স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাকে। ঢাকা-৯ আসনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েও ভোটের ফলে তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ফুটবল মার্কার এই প্রার্থীকে।

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের হাবিবুর রশিদ হাবিব।

তাসনিম জারার এই নির্বাচনী যাত্রা ছিল নাটকীয়তায় ভরা। গত ২৭ ডিসেম্বর তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন। দলটির জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিনি স্বতন্ত্র লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন।


মনোনয়নপত্র দাখিলের পর ১ শতাংশ ভোটারের তালিকায় গরমিলের কারণে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেছিলেন। তবে দমে না গিয়ে নির্বাচন কমিশনে আপিল করে গত ১০ জানুয়ারি নিজের প্রার্থিতা ফিরে পান তিনি।

নির্বাচনী সমীকরণে দেখা গেছে, যে দল (এনসিপি) ছেড়ে জারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, সেই দলের প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়াই তার চেয়ে বেশি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। জামায়াত জোটের শরিক হিসেবে শাপলা কলি প্রতীকে তিনি জারার চেয়ে প্রায় ৯ হাজার ভোট বেশি পেয়েছেন।

জামায়াত জোটের শাপলা কলির এ প্রার্থী পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। আর এক লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ের হাসি ফুটেছে ধানের শীষের হাবিবুর রশিদ হাবিবের মুখে। আর তৃতীয় হওয়া তাসনিম জারা ফুটবল মার্কায় পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।

সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা নিয়ে গঠিত এই আসনে তরুণ প্রজন্মের মধ্যে জারাকে নিয়ে ব্যাপক উদ্দীপনা থাকলেও ভোটের চূড়ান্ত হিসাবে অভিজ্ঞ রাজনীতিক হাবিবুর রশিদ হাবিবের কাছে বড় ব্যবধানে হার মানতে হয়েছে তাকে।

আরও পড়ুন