ভোটকেন্দ্রে অরাজকতা বরদাশত করা হবে না: আরপিএমপি কমিশনার
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম
ছবি: সংগৃহীত
রংপুর মহানগর এলাকায় ভোটকেন্দ্র ও আশপাশে যেকোনো ধরনের অরাজকতা কঠোরভাবে মোকাবেলার ঘোষণা দিয়েছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার (আরপিএমপি) মজিদ আলী। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহানগর পুলিশ লাইন্সে ভোটে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের করণীয় ও নির্দেশনা প্রদান শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে রংপুর-৩ (সদর) আসনের ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী সদস্যদের বডি-অন ক্যামেরাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ কমিশনার।
ব্রিফিংয়ে তিনি জানান, মহানগরীর মোট ২০৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১২১টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুলিশের পাশাপাশি এপিবিএন ও পুলিশ লাইন্স থেকে প্রায় ১ হাজার ৪০৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন। পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
তিনি আরও জানান, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, স্ট্যান্ডবাই টিম, কুইক রেসপন্স টিম (কিউআরটি), জোন কমান্ডার ব্যবস্থা, সিসি ক্যামেরা পর্যবেক্ষণ এবং কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিং করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, উৎসবমুখর পরিবেশে রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে পুলিশ দায়িত্ব পালন করবে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।