ভোটের ছুটিতে রাজধানী ছাড়ার হিড়িক, স্টেশন-সড়কে বাড়িমুখী মানুষের ঢল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম
ছবি: রিয়াজ আহমেদ সুমন
নির্বাচন উপলক্ষ্যে টানা ছুটিকে কেন্দ্র করে রাজধানী ছাড়ছেন বিপুল সংখ্যক মানুষ। ভোটের ছুটিতে প্রায় দুই যুগ পরে উৎসবমুখর পরিবেশে ভোটপ্রদান ও পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে দেশের বিভিন্ন জেলায় ফিরছেন কর্মজীবী মানুষ, ফলে সড়ক ও রেলপথে বেড়েছে বাড়িমুখী যাত্রীর চাপ।
সরকারের পক্ষ থেকে নির্বাচন উপলক্ষ্যে বুধবার ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া অনেক কারখানায় মঙ্গলবার থেকেই ছুটি দেওয়া হয়েছে। নির্বাচনের পরপরই সাপ্তাহিক ছুটি থাকায় টানা অবকাশের সুযোগে রাজধানী ছাড়ার প্রবণতা আরও বেড়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা যায় উপচে পড়া ভিড়। নির্ধারিত আসনের বাইরে অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। অনেককে ট্রেনের ছাদে করেও যাত্রা করতে দেখা গেছে, যা নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে মহাসড়কগুলোতেও বাড়িমুখী মানুষের চাপ লক্ষ করা গেছে। বাস টার্মিনাল ও রেলস্টেশনগুলোতে যাত্রীদের দীর্ঘ সারি দেখা যায়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে এই বাড়ি ফেরার ভিড় আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
