উপদেষ্টাদের সম্পদের তথ্য শিগগিরই প্রকাশ করা হবে: প্রেস সচিব
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের প্রায় সব উপদেষ্টা তাদের সম্পদের হিসাব জমা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাদের সম্পদের তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম ।
ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন ভোট পড়বে তা বলা কঠিন হলেও নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, দলটি নভেম্বর মাস থেকে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। বর্তমানে তারা মূলত অনলাইন কার্যক্রমে সীমাবদ্ধ রয়েছে এবং প্রকাশ্য মিছিল-মিটিংয়ে তাদের তৎপরতা দেখা যাচ্ছে না।
গণমাধ্যম বিষয়ে প্রেস সচিব দাবি করেন, গত ১৮ মাসে গণমাধ্যম পুরোপুরি নিয়ন্ত্রণমুক্ত ছিল। এ সময়ে গণমাধ্যম স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পেরেছে এবং কোনো মিডিয়া হাউস যেন বন্ধ না হয় সে বিষয়ে সরকার নজর রেখেছে। তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকারের সময়ে বন্ধ হওয়া কয়েকটি গণমাধ্যম পুনরায় চালু করা হয়েছে এবং গণমাধ্যম খাতে নানা সংস্কার কার্যকর করা হয়েছে।
এদিকে ব্রিফিংয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৩৩০ জন বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে সর্বোচ্চ ২১১ জন পর্যবেক্ষক আসার কথা রয়েছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ছিল না যে যাকে-তাকে এনে নির্বাচন পর্যবেক্ষণের সার্টিফিকেট নেওয়া হবে। বরং স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকেই সরকারের মূল মনোযোগ।
