EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কসবায় জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, ৮৫ কেন্দ্রের মধ্যে ৫৪টি ঝুঁকিপূর্ণ

ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম

কসবায় জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, ৮৫ কেন্দ্রের মধ্যে ৫৪টি ঝুঁকিপূর্ণ

ছবি: সংগৃহীত

অ অ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কসবা উপজেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন প্রশাসন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কসবা উপজেলা ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭০৯ জন, নারী ভোটার ১ লাখ ৪৬ হাজার ৭৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। উপজেলায় মোট ভোটকেন্দ্র ৮৫টি এবং ভোটকক্ষ ৫৯১টি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম সোমবার (৯ ফেব্রুয়ারি)  দুপুরে জানান, নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ যাতে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং একটি কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিকভাবে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হবে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি জানান, নির্বাচনে সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে দুইজন পুলিশ সদস্য বডি-ওর্ন ক্যামেরাসহ দায়িত্বে থাকবেন। জাল ভোট প্রদান, একাধিক ভোট দেওয়ার চেষ্টা বা কেন্দ্রের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা ক্যামেরায় ধারণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া প্রতিটি কেন্দ্রে তিনজন সশস্ত্র আনসার ও ১০ জন লাঠিয়াল আনসার দায়িত্ব পালন করবেন। উপজেলায় তিন প্লাটুন সেনাবাহিনী, তিন প্লাটুন বিজিবি, পুলিশের ছয়টি মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং টিম, আনসারের একটি স্ট্রাইকিং টিম এবং র‌্যাবের একটি বিশেষ টিম মোতায়েন থাকবে।

তিনি আরও জানান, উপজেলার ৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৪টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এসব কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসন কসবা ও আখাউড়া উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৪ হাজার ৬০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ১৭৬ জন, নারী ভোটার ২ লাখ ১২ হাজার ৪২৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১৩০টি এবং ভোটকক্ষ ৮৬৭টি। এ আসনে পোস্টাল ভোটার সংখ্যা ৯ হাজার ৩০১ জন।

আরও পড়ুন