EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আন্দোলনকারীরা বন্দরকে হাইজ্যাক করে জনগণকে জিম্মি করেছে: বন্দর চেয়ারম্যান

'আইনি প্রক্রিয়া শেষে, নিয়ম মেনেই চুক্তি হবে'

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ পিএম

আন্দোলনকারীরা বন্দরকে হাইজ্যাক করে জনগণকে জিম্মি করেছে: বন্দর চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

অ অ

চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে চলমান আন্দোলনের বিষয়ে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেছেন, আন্দোলনের নামে কিছু বিপথগামী কর্মচারী বন্দরকে ‘হাইজ্যাক’ করে জনগণকে জিম্মি করেছে। তিনি জানান, আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক নিয়ম মেনেই চুক্তি সম্পন্ন হবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বন্দর ভবন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বন্দর চেয়ারম্যান বলেন, ‘চুক্তি এখনো হয়ই নাই। প্রি মেচিউর একটা বিষয় নিয়ে আগের থেকে সেটাকে ভন্ডুল করার জন্য প্রচেষ্টা করা হচ্ছে। তবে দেশের স্বার্থে, চুক্তির স্বার্থে প্রক্রিয়াটা শেষ হলে এটা কার্যকর হবে।’


তিনি জানান, আদালতের নির্দেশ ও আন্তর্জাতিক শর্ত মেনেই এই চুক্তি করা হবে। দেশ ও জাতির স্বার্থ সংরক্ষণ করেই এটা করা হবে। এটা কখন শেষ হবে কবে হবে তা প্রসেসটা শেষ হলেই বলা যাবে। 

বন্দরের কার্যক্রম সচল রয়েছে দাবি করে তিনি বলেন, কেউ বাধা দিলে তা আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করা হবে।

এর আগে রবিবার সকাল ৮টা থেকে বিদেশি কোম্পানিকে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়। এই ধর্মঘটের কর্মসূচির কারণে বন্দরের জেটি ও বহির্নোঙরে কার্যক্রম আবারও  ব্যাহত হচ্ছে। 

এদিকে আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দুই শ্রমিককে তুলে নিয়ে গেছে।

তারা হলেন- বন্দরের প্রকৌশল বিভাগের শ্রমিক শামসু মিয়া টুকু ও আবুল কালাম। তাদের ১২ নম্বর পোর্ট কলোনি থেকে  তুলে নেওয়া হয়। 

বন্দর সূত্র জানিয়েছে, বন্দরের মূল জেটিতে বর্তমানে ১২টি জাহাজ রয়েছে। বহির্নোঙরে রয়েছে  আরও ৮০টি।

সকাল ১০টার দিকে বন্দর গোলচত্বর এলাকা থেকে আটককৃতদের পুলিশের গাড়িতে করে তুলে নিয়ে যেতে দেখা যায়। তবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর

আরও পড়ুন