EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রংপুর-৪ আসনে একমাত্র নারী প্রার্থী প্রগতি বর্মণ, বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার

দলিত ও হরিজন সম্প্রদায়ের জন্য স্থায়ী বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার প্রতিশ্রুতি দেন তিনি

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম

রংপুর-৪ আসনে একমাত্র নারী প্রার্থী প্রগতি বর্মণ, বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার

রংপুর-৪ আসনে একমাত্র নারী প্রার্থী প্রগতি বর্মণ তমা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

অ অ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে একমাত্র নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী প্রগতি বর্মণ তমা। তিনি কাঁচি প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

প্রচারণাকালে প্রগতি বর্মণ তমা বলেন, শুধু ক্ষমতার পালাবদল নয়, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং বিদ্যমান ব্যবস্থার মৌলিক পরিবর্তনই তার রাজনৈতিক লক্ষ্য। তিনি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, কৃষিপণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করা, ক্ষেতমজুরদের সারা বছরের কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, আলুচাষিদের ক্ষতিপূরণ প্রদান, ধান-আলুসহ সব ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি উদ্যোগে কোল্ড স্টোরেজ নির্মাণের মাধ্যমে কৃষিপণ্য সংরক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সার, বীজ ও কীটনাশকের দাম কমানো এবং কৃষকদের জন্য বিনা সুদে সরকারি কৃষিঋণের ব্যবস্থা করার কথাও জানান তিনি।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, সকল নাগরিককে হেলথ কার্ড প্রদান এবং ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার জন্য হাটে হাটে ক্রয়কেন্দ্র চালুর কথাও উল্লেখ করেন তিনি।

নারীর সামাজিক মর্যাদা, শিক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, নারী নির্যাতন ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠী—বিশেষ করে দলিত ও হরিজন সম্প্রদায়ের জন্য স্থায়ী বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার প্রতিশ্রুতি দেন প্রগতি বর্মণ তমা।

এছাড়া বন্ধ শিল্পকারখানা চালু, কর্মক্ষম মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বৃদ্ধি, সরকারি সহায়তা বিতরণে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ এবং ভূমিহীনদের পুনর্বাসনের লক্ষ্যে খাস জমি উদ্ধারের কথাও তিনি উল্লেখ করেন। স্বল্প আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, টিসিবি ও ওএমএস কার্যক্রম সম্প্রসারণ এবং মাদক বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন