EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গভীর রাতে নুরের সমর্থকের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

ডেইলি সান রিপোর্ট, পটুয়াখালী

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

গভীর রাতে নুরের সমর্থকের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
অ অ

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে নির্বাচনী প্রচারের উত্তাপ চরমে পৌঁছেছে। তবে এই রাজনৈতিক উত্তাপ এবার রূপ নিয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ডে। নির্বাচনী বিরোধের জেরে এক প্রার্থীর সমর্থকের ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেলেও সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন পরিবারের দুই সদস্য।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে গলাচিপার আমখোলা ইউনিয়নের দরিবাহেচার গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, বিএনপি জোট সমর্থিত প্রার্থী, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের এক সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় আড়াইটার দিকে যুব অধিকার পরিষদের সদস্য নাঈমুল ইসলামের বাড়িতে আগুন দেওয়া হয়। ওই সময় ঘরে ছিলেন তার দেড় বছরের মেয়ে নাঈমা এবং শিশুটির দেখাশোনার দায়িত্বে থাকা নানু সাজেদা বেগম। নাঈমুল ইসলামের স্ত্রী ও মা দু’জনেই সৌদি প্রবাসী। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তিনজন ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ আগুনের আলোয় ঘর উজ্জ্বল হয়ে উঠতেই ঘুম ভাঙে তাদের। চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। পরে তিনজনকে নিরাপদে উদ্ধার করা হয়।

স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরের ভেতরের সবকিছু প্রায় ভস্মীভূত হয়ে যায়। নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, আসবাবপত্রের সঙ্গে পুড়ে যায় গৃহপালিত পশু-পাখি ও একটি মোটরসাইকেল। 

এদিকে দুপুরের দিকে নুরুল হক নুর ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন।

নাঈমুল ইসলামের অভিযোগ, তিনি নুরুল হক নুরের ট্রাক প্রতীকের সক্রিয় সমর্থক হওয়ায় দীর্ঘদিন ধরেই হুমকির মুখে ছিলেন। তার ভাষায়, ‘আমি ট্রাক মার্কার সমর্থক। ঘোড়া প্রতীকের সমর্থক ইউপি সদস্য আবুল কাসেম, আরিফ ও মিজানুর রহমান তার দলবল বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিল। শুক্রবার বিকেলে আমরা নুর ভাইয়ের নির্বাচনী সভায় বকুলবাড়িয়ায় গিয়েছিলাম। রাতে ফিরে মোটরসাইকেলটা পেছনের বারান্দায় রাখি। রাত আড়াইটার দিকে জানালা দিয়ে পেট্রোল ঢেলে বাইকে আগুন দেওয়া হয়। সেখান থেকেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।’

অভিযোগের বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ইউপি সদস্য আবুল কাসেম বলেন, এসব অভিযোগ  মিথ্যা।  মামুনের ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এলাকাছাড়া করতেই নিজেরা আগুন দিয়ে তার দায়ভার আমার ওপর চাপাতে চাইছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিকেলে ইলেকশন ইনকোয়ারি কমিটির পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। তারা বিষয়টি নিয়ে তদন্ত শেষে প্রতিবেদন দেবেন। সে অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নেব।

আরও পড়ুন