দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ
বাংলাদেশের ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ হতে পারেন তারেক রহমান
নির্বাচনে বিপুলসংখ্যক ভোটার জেন জি প্রজন্মের হওয়ায় তারাই মূলত ঠিক করবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম
বাংলাদেশের আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী দ্য ডিপ্লোম্যাট। সেখানে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, ভোটপ্রক্রিয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানই হতে পারেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এ বিশ্লেষণ প্রকাশ করা হয়।
‘অ্যান ইন্টারভিউ উইথ তারেক রহমান-লাইকলি বাংলাদেশ’স নেক্সট প্রাইম মিনিস্টার’ শিরোনামের ওই প্রতিবেদনে নির্বাচনের আগে পরিচালিত একাধিক জনমত জরিপের কথা উল্লেখ করা হয়েছে। জরিপগুলোতে তারেক রহমানকে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে রাখা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এর আগে ব্লুমবার্গ, টাইম ও দ্য ইকোনমিস্টের মতো আন্তর্জাতিক গণমাধ্যম তারেক রহমানকে নির্বাচনের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দিয়েছে। নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য এই নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ নজরে রয়েছে।
ডিসেম্বরে পরিচালিত একটি জনমত জরিপের বরাতে দ্য ডিপ্লোম্যাট জানায়, এতে বিএনপির প্রতি সমর্থন প্রায় ৭০ শতাংশ, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর (জেআই) সমর্থন ১৯ শতাংশ। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠান ইনোভিশন কনসালটিং পরিচালিত আরেক জরিপে দেখা গেছে, ৪৭ শতাংশের বেশি মানুষ মনে করছেন তারেক রহমানই প্রধানমন্ত্রী হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনাময় ব্যক্তি। সেখানে ২২ দশমিক ৫ শতাংশ মানুষ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, এবারের নির্বাচনে ‘জেন জি’ বা তরুণ ভোটাররা বড় ভূমিকা রাখবেন। দ্য ডিপ্লোম্যাট বলছে, “এই নির্বাচনে বিপুলসংখ্যক ভোটার জেন জি প্রজন্মের হওয়ায় তারাই মূলত ঠিক করবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন।” প্রতিবেদনে আরও বলা হয়, এই তরুণ ভোটারদের একটি বড় অংশ বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন, বিশেষ করে যেগুলোতে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।
প্রতিবেদনের অংশ হিসেবে দ্য ডিপ্লোম্যাট তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। সাক্ষাৎকারটি নেওয়া হয় টাঙ্গাইলের কেন্দ্রীয় অংশে একটি নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে, যেখানে তিনি এর আগে উত্তর-পশ্চিমাঞ্চলের সিরাজগঞ্জে আরেকটি সমাবেশে অংশ নিয়েছিলেন।
জেন জি ভোটারদের প্রসঙ্গে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিএনপি তরুণদের ভাবনার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছে। তিনি বলেন, “আমরা কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি শিক্ষা, খেলাধুলা, আইটি খাত এবং শ্রমবাজারকে অগ্রাধিকার দিচ্ছি, যা জেন জি প্রজন্মের সঙ্গে গভীরভাবে মেলে। আজকের সমাবেশের পরিবেশ দেখলেই বোঝা যায়, উপস্থিত অধিকাংশই জেন জি।”
তারেক রহমান জানান, “দ্য প্ল্যান” নামে একটি কর্মসূচির মাধ্যমে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণদের সঙ্গে নিয়মিত কথা বলেন।
“তারা তাদের ভাবনা, উদ্বেগ ও মতামত তুলে ধরে। আমি সত্যিই তাদের সঙ্গে সংযোগ স্থাপন উপভোগ করি”— বলেন তিনি।
বিদেশনীতির প্রসঙ্গে দ্য ডিপ্লোম্যাট উল্লেখ করে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশে ভারতকেন্দ্রিক পররাষ্ট্রনীতির সমালোচনা ছিল, যখন যুক্তরাষ্ট্র, চীন ও ভারত—তিন দেশই বাংলাদেশের দিকে নজর রাখছিল।
এ বিষয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, ‘আমাদের জাতীয় স্বার্থই সবার আগে।’
তিনি বলেন, আমাদের পররাষ্ট্রনীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’। আমরা অর্থনীতিনির্ভর পররাষ্ট্রনীতিকে অগ্রাধিকার দেব, যা বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত করবে। পারস্পরিক আস্থা, সম্মান ও পারস্পরিক লাভের ভিত্তিতে আমরা সম্পর্ক গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, ‘যে দেশের সঙ্গেই সম্পর্ক হোক না কেন, জাতীয় স্বার্থই সবার আগে।’
দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তারেক রহমান বলেন, বিএনপি সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান ও রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধা প্রতিষ্ঠায় কাজ করবে। আমরা আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা ও সবার মানবাধিকার নিশ্চিত করব।
জেন জি প্রজন্মের একটি অংশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দিকে ঝুঁকছে, যারা সংসদ ও রাজপথে বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে পারে— এ নিয়ে দ্য ডিপ্লোম্যাট প্রশ্ন করলে তারেক রহমান বলেন, ‘আমি কোনো চ্যালেঞ্জ অনুভব করছি না। আমরা জনগণের কাছে আমাদের পরিকল্পনা ও অঙ্গীকার নিয়ে যাচ্ছি, অন্যরাও যাচ্ছে। জনগণই ঠিক করবে কোন পরিকল্পনা তাদের জন্য ভালো।’
এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য নিয়ে প্রশ্নে—তারেক রহমান বলেন, “এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কঠিন, তবে অসম্ভব নয়।”
তিনি বলেন, “২০০ মিলিয়ন মানুষের মধ্যে ৫০ মিলিয়নের কর্মসংস্থান দরকার। এজন্য আইনশৃঙ্খলা ঠিক করতে হবে, অর্থনীতি শক্তিশালী করতে হবে এবং সারা দেশে ব্যবসা সম্প্রসারণে সহায়তা করতে হবে।”
তারেক রহমান বলেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতি প্রধানত দুই স্তম্ভের ওপর দাঁড়িয়ে—গার্মেন্টস ও রেমিট্যান্স—যার ভিত্তি বিএনপি সরকারের আমলেই গড়ে ওঠে। ভবিষ্যতে আইটি খাত, সেমিকন্ডাক্টর শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং, জুতা শিল্প ও এসএমই খাতেও জোর দেওয়া হবে।
তিনি বলেন, খাদ্য খাত, বিশেষ করে প্রক্রিয়াজাত খাদ্যের বিশাল সম্ভাবনা রয়েছে। আমরা পর্যাপ্ত মাছ ও সবজি উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে পারি। সৃজনশীল অর্থনীতির সম্ভাবনাও আমরা খতিয়ে দেখছি।
জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘আমাদের শুরু করতেই হবে, কারণ এটি অনিবার্য।’ তিনি জানান, বিএনপি ২০ হাজার কিলোমিটার খাল খনন ও ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে এবং গ্লোবাল ক্লাইমেট ফান্ড থেকে অর্থায়ন সংগ্রহে উদ্যোগী হবে।
নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি তাদের ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে। পরিবার কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও শিক্ষা—এই সাতটি মূল অগ্রাধিকারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা মানুষের স্বার্থ ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনব। জনগণের ক্ষমতা প্রতিষ্ঠাই আমার দেশের মানুষের প্রতি অঙ্গীকার।