EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ইনডোর বা কৃত্রিম পদ্ধতিতে ইলিশ চাষে নেই সরকারি অনুমোদন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম

ইনডোর বা কৃত্রিম পদ্ধতিতে ইলিশ চাষে নেই সরকারি অনুমোদন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

অ অ

ইনডোর বা কৃত্রিম পরিবেশে ইলিশ মাছ চাষ নিয়ে সাম্প্রতিক সময়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য ও আলোচনা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম (আরএএস) বা অন্য কোনো ইনডোর, সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও নিবিড় পদ্ধতিতে ইলিশ চাষের বিষয়ে সরকারের কোনো অনুমোদন বা নীতিগত সিদ্ধান্ত নেই।

রবিবার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় বিষয়টি পর্যালোচনা করা হয়। মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বলা হয়, ইলিশ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য। দেশের নদী ও উপকূলীয় প্রাকৃতিক বাস্তুতন্ত্র, খাদ্য নিরাপত্তা, ঐতিহ্য এবং বিপুলসংখ্যক জেলে ও মৎস্যজীবীর জীবিকার সঙ্গে ইলিশ মাছ অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইলিশের উৎপাদন ও ব্যবস্থাপনা মূলত প্রাকৃতিক প্রজনন চক্র ও নদীনির্ভর পরিবেশের ওপর নির্ভরশীল হওয়ায় এ বিষয়ে যেকোনো উদ্যোগ অত্যন্ত সংবেদনশীল ও নীতিনির্ভর।

মন্ত্রণালয় জানায়, বর্তমানে আরএএস কিংবা অন্য কোনো ইনডোর ও কৃত্রিম পদ্ধতিতে ইলিশ চাষের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়নি। ফলে অনুমোদনবিহীনভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা গ্রহণযোগ্য নয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইলিশ সংক্রান্ত যেকোনো গবেষণা, পরীক্ষামূলক উদ্যোগ বা প্রযুক্তিগত কার্যক্রম বিদ্যমান আইন, নীতিমালা এবং জাতীয় স্বার্থের আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন সাপেক্ষে পরিচালিত হতে হবে।

এ বিষয়ে জনগণসহ সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দিয়ে সরকারের অনুমোদিত ও নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

আরও পড়ুন