প্লট দুর্নীতির দুই মামলা
হাসিনার ১০ বছর টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়মের মাধ্যমে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন।
শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে দুই মামলায় ৪ বছর কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া দুই মামলার প্রধান দুই আসামি আজমিনা সিদ্দিককে এক মামলায় ৭ বছর কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং রাদওয়ান মুজিব সিদ্দিককে একই সাজা দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের নামে বরাদ্দকৃত প্লট বাতিলের আদেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া এ মামলায় আটক থাকা একমাত্র আসামি রাজউকের সদস্য খুরশীদ আলমকে দুই মামলায় ২ বছর কারাদণ্ড, দুই লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।