EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ময়মনসিংহে অলিম্পিক ভিলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান

সেনাসদস্যদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম

ময়মনসিংহে অলিম্পিক ভিলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান

ছবি: আইএসপিআর

অ অ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে মাঠ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় পর্যালোচনা করতে ময়মনসিংহ সফর করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

রবিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী সফরে তিনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সেনাবাহিনী প্রধান আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের ওপর বিশেষ জোর দেন। তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ সভায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সফরকালে সেনাপ্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’- এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি দায়িত্বরত সদস্যদের সাথে কথা বলেন এবং পরিবর্তিত পরিস্থিতিতে অর্পিত দায়িত্ব পালনে সচেতন ও সতর্ক থাকার দিকনির্দেশনা প্রদান করেন।

নিরাপত্তা তদারকির পাশাপাশি সেনাবাহিনী প্রধান এদিন ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত ‘অলিম্পিক ভিলেজ’- এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে তিনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি বোর্ড মিটিংয়ে অংশগ্রহণ করেন।

ময়মনসিংহ পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সাথে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জিওসি; সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ; ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার; এনটিএমসি-র মহাপরিচালক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগীয় কমিশনারসহ অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যম প্রতিনিধিরা এই কার্যক্রমে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন