EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সাড়ে ৪ লাখ প্রবাসীর ভোটদান সম্পন্ন, দেশে পৌঁছেছে ১.৩৯ লাখ ব্যালট

ঠিকানা জটিলতায় দেশে ফিরল ১১ হাজার ব্যালট

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম

সাড়ে ৪ লাখ প্রবাসীর ভোটদান সম্পন্ন, দেশে পৌঁছেছে ১.৩৯ লাখ ব্যালট

ছবি: সংগৃহীত

অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসীদের জন্য প্রবর্তিত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম পুরোদমে চলছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪ লাখ ৫৪ হাজার ৪৭৮ জন প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে প্রবাসীদের দেওয়া ১ লাখ ৩৯ হাজার ৭৬৩টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ব্যালট হাতে পেয়েছেন ৫ লাখ ১৫ হাজার ৯৫৪ জন প্রবাসী।

ভোটদান সম্পন্নকারী সাড়ে ৪ লাখ ভোটারের মধ্যে ৪ লাখ ৬ হাজার ৪১১ জন সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন। তবে এখনো ৩ লাখ ১২ হাজার ৭১০ জন প্রবাসী ভোটার ভোট দেওয়া বাকি রেখেছেন।

এছাড়া ঠিকানা জটিলতার কারণে ১১ হাজার ২২৬টি ব্যালট পৌঁছানো সম্ভব না হওয়ায় সেগুলো দেশে ফেরত এসেছে।

প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরেও পোস্টাল ব্যালটে ভোটদান শুরু হয়েছে। অ্যাপের মাধ্যমে অভ্যন্তরীণভাবে মোট ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন ভোটার নিবন্ধন করেছেন। যার মধ্যে আইনি হেফাজতে থাকা ভোটার রয়েছেন ৬ হাজার ২৪০ জন।

গত ২৬ জানুয়ারি থেকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও কারাবন্দি ভোটারদের কাছে ব্যালট পাঠানো শুরু হয়। এ পর্যন্ত ২ লাখ ৬৯ হাজার অভ্যন্তরীণ ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে, যার মধ্যে ২ হাজার ৪৪২ জন ভোট দিয়েছেন এবং ১ হাজার ১৪৯ জন ডাকঘরে ব্যালট জমা দিয়েছেন।

নির্বাচন কমিশন এক বিশেষ বিজ্ঞপ্তিতে ভোটারদের দ্রুততম সময়ে ব্যালট জমা দেওয়ার তাগিদ দিয়েছে। ইসি জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত ভোটারদের ব্যালট প্রাপ্তির পর দ্রুত নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খাম জমা দিতে হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত এই সময়ের পরে কোনো ব্যালট পৌঁছালে তা গণনা করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন।

আরও পড়ুন