নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ-পানি-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না: হাইকোর্ট
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর নির্মাণাধীন ও আংশিক সম্পন্ন ভবনের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর করা রিট পিটিশনের (নং ২১১৭১/২০২৫) পরিপ্রেক্ষিতে বিচারপতি সিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ সম্প্রতি এই আদেশ দেন।
আদালত আদেশে বলেন, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওয়াসা, রাজউক এবং বিদ্যুৎ বিভাগ কোনো ধরনের ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করতে পারবে না এবং এ সময় স্থিতাবস্থা বজায় রাখতে হবে।
রিট আবেদনে উল্লেখ করা হয়, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন হলে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়, বসবাসরত পরিবার ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন এবং আবাসন খাতে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত অন্তর্বর্তীকালীন এই নিষেধাজ্ঞা জারি করেন।
উল্লেখ্য, গত কয়েক মাসে রাজধানীর বিভিন্ন নির্মাণাধীন ভবন থেকে এক হাজার দুইশটির বেশি বিদ্যুৎ মিটার বিচ্ছিন্ন করা হয়েছিল।