EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গত তিনটি নির্বাচন ছিল প্রহসনের, এবার জনগণের অংশগ্রহণে মুখরিত হবে: ধর্ম উপদেষ্টা

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম

গত তিনটি নির্বাচন ছিল প্রহসনের, এবার জনগণের অংশগ্রহণে মুখরিত হবে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

অ অ

গত তিনটি নির্বাচন প্রহসনের নির্বাচন ছিল বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, এবারের নির্বাচন জনগণের অংশগ্রহণে মুখরিত হবে। আমরা সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে একটি নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে বিদায় নিতে চাই।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে গণভোটের কার্যক্রম বিষয়ে আয়োজিত এক জনসচেতনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, সংবিধানে যেহেতু ‘বিসমিল্লাহ’ রয়েছে, তাই জুলাই সনদে তা থাকার প্রয়োজন নেই। জুলাই সনদ সংবিধানের একটি অংশমাত্র।

গণভোট বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, গণভোটের পক্ষে সবাইকে কাজ করতে হবে। ভোটাররাই নির্ধারণ করবেন তারা কোন ধরনের সরকার চান।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় মসজিদের ইমামদের উদ্দেশে ধর্ম উপদেষ্টা বলেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা কোনো দল ও ব্যক্তির পক্ষে মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া যাবে না। তবে জুলাই সনদের পক্ষে প্রচার করতে কোনো বাধা নেই।

তিনি আরও বলেন, দেশের জনগণ যে কোনো পরিস্থিতিতে আবারও আন্দোলনে নামতে প্রস্তুত। জনগণ পরিবর্তন চায়, আর পরিবর্তন হবে—ইনশাআল্লাহ।

নির্বাচনে কোনো পক্ষের হয়ে প্রচারণায় প্রশাসনের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, জুলাই সনদ দেশের স্বার্থে করা হয়েছে, তাই ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় তিনি গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত জনগণকে অবহিত করেন।

সভায় ধর্ম উপদেষ্টার সফরসঙ্গী, জেলা সহকারী পুলিশ সুপার জাকির হোসেন, জেলার বিভিন্ন নির্বাচনী আসনের প্রার্থী, বিভিন্ন ধর্মের অনুসারী এবং সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন