EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চট্টগ্রাম, নোয়াখালী-যশোরে ব্র্যাক একাডেমির যাত্রা শুরু

লক্ষ্য বৈশ্বিক মানের শিক্ষা

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

চট্টগ্রাম, নোয়াখালী-যশোরে ব্র্যাক একাডেমির যাত্রা শুরু

ছবি: সংগৃহীত

অ অ

শিশুদের সার্বিক বিকাশ এবং বৈশ্বিক মানের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম, নোয়াখালী ও যশোরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ব্র্যাক একাডেমি’।

দেশের ব্যয়বহুল বেসরকারি বিদ্যালয়গুলোর বিকল্প হিসেবে মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) যশোর শহরের লালদীঘির পাড়ে ব্র্যাক একাডেমির নতুন শাখার উদ্বোধন করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শিশুদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন।

এর আগে ১১ জানুয়ারি নোয়াখালী সদরের ইসলামিয়া রোড, ১০ জানুয়ারি চট্টগ্রামের চান্দগাঁও এবং ৮ জানুয়ারি ঢাকার দক্ষিণখানে একাডেমির কার্যক্রম শুরু হয়। চলতি মাসেই সিলেটে আরও একটি শাখা চালুর কথা রয়েছে।

উদ্বোধনী বক্তব্যে আসিফ সালেহ্‌ বলেন, ‘ব্র‍্যাক একাডেমি ভালো মানুষ এবং দক্ষ ও সুনাগরিক তৈরির ভিত্তি তৈরি করতে চায়। এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে এমন শিক্ষার প্রয়োজন, যেন শিশুরা প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জনের পাশাপাশি মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে বেড়ে ওঠে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ গবেষণার পর ব্র‍্যাক একাডেমির পাঠ্যক্রম এমনভাবে প্রস্তুত করা হয়েছে যেন শিশুদের মধ্যে উদ্ভাবনী ভাবনা, সৃজনশীল চিন্তা করার ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে। শিশুরা যেন আনন্দের সঙ্গে খেলতে খেলতে শিখতে পারে৷ ব্র‍্যাক একাডেমি শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায়, যেন পৃথিবীর যে-কোনো দেশের নাগরিকের সঙ্গে তারা পাল্লা দিয়ে চলতে পারে৷’

সমাপনী বক্তব্যে ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান বলেন, ‘দেশের শিক্ষাব্যবস্থায় হোমওয়ার্ক, পরীক্ষা, বই ও গাইড বই বেড়েছে, কিন্তু দক্ষতা ও চিন্তার পরিসর গড়ে উঠছে না। শিশুরা যেন স্বাধীনভাবে চিন্তা করতে পারে এবং উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারে, সেভাবেই তাদের গড়ে তুলতে চায় ব্র্যাক একাডেমি।’

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক শিক্ষা কর্মসূচির হেড অব সোশ্যাল এন্টারপ্রাইজ নিভিন রেজা, রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের ডিভিশনাল ম্যানেজার (খুলনা) মো. আবু সাঈদ ও অভিভাবকদের পক্ষ থেকে ডা. মো. আবু বকর সিদ্দিক বক্তব্য রাখেন। আমন্ত্রিত অতিথিরা একাডেমির শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এর আগে অতিথিরা পুরো ক্যাম্পাসটি ঘুরে দেখেন।

২০১৯ সালে কুমিল্লায় ব্র্যাক একাডেমির প্রথম শাখাটি চালু হয়। বর্তমানে কুমিল্লা, বগুড়া, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী ও যশোরে এর কার্যক্রম চলছে। মূলত জেলা শহর ও নগরগুলোতে শিশুদের সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করছে ব্র্যাক একাডেমি। অনুষ্ঠানে জানানো হয়, ২০৩০ সালের মধ্যে ৩০টি জেলায় ব্র‍্যাক একাডেমি চালুর পরিকল্পনা রয়েছে।

ব্র্যাক একাডেমিতে ৪ বছর ও এর বেশি বয়সি শিশুদের জন্য প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। এখানে বাংলা ও ইংরেজি দ্বিভাষিক শিক্ষাপদ্ধতি অনুসরণ করা হয়, যেখানে মাতৃভাষা বাংলায় শক্ত ভিত্তি গড়ে তোলা হয় এবং বয়সোপযোগী ও অর্থবহ কার্যক্রমের মাধ্যমে ধাপে ধাপে ইংরেজি ভাষার সঙ্গে পরিচয় করানো হয়। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি দুটি ভাষাতেই দক্ষ যোগাযোগের সক্ষমতা অর্জন করে।

শিক্ষার্থীদের মূল্যবোধ শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে, তাদের শেখার প্রতি কৌতূহল সৃষ্টি এবং সম্মান ও দায়িত্ববোধ জাগিয়ে তুলে সফল মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করছে ব্র্যাক একাডেমি। শিক্ষার্থীদের জাতীয় শিক্ষাক্রমের নির্ধারিত পাঠ্যক্রমের পাশাপাশি অতিরিক্ত জীবনদক্ষতা গড়ে তুলতে সহায়তা করে ব্র্যাক একাডেমি।

ব্র্যাক একাডেমির লক্ষ্য তরুণ প্রজন্মকে ভবিষ্যতে নেতৃত্বদানের উপযোগী করে গড়ে তোলা। বাংলাদেশের সব অঞ্চলে একটি শিশুকেন্দ্রিক ও সাশ্রয়ী শিক্ষার নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে ব্র্যাক একাডেমি। এই একাডেমির শিক্ষাসামগ্রীগুলো বৈশ্বিক মান বজায় রেখে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাসঙ্গিক করা হয়েছে। 

আরও পড়ুন