EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু, ২ পাচারকারী গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু, ২ পাচারকারী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

অ অ

মাদারীপুরে অভিযান চালিয়ে দুই সক্রিয় মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে অবৈধ পথে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর অতিক্রম করানোর সময় তিউনিশিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় আট বাংলাদেশির মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে তাদের আটক করা হয়। 

সোমবার (১২ জানুয়ারি) মাদারীপুর জেলার রাজৈর থানার এলাকায় অভিযান চালিয়ে এই দুই পাচারকারীকে গ্রেপ্তার করে সিআইডি-এর সিরিয়াস ক্রাইম ইউনিট।

গ্রেপ্তাররা হলেন- গুরুদাস বারই (৪৫) ও মো. মোতালেব মাতব্বর (৬৮)। গুরুদাস বারইকে রাজৈর থানার দক্ষিণ খালিয়া গ্রাম থেকে এবং মোতালেবকে দামেরচর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. মোতালেব মাতব্বরর বিরুদ্ধে পূর্বে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ অনুযায়ী মামলা রয়েছে। 

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তার আসামিরা আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং এজাহারনামীয় মূল পাচারকারীদের নির্দেশে অর্থ ও লোক সংগ্রহের কাজ করছিল। ভিকটিমদের কাছ থেকে তারা জনপ্রতি ১৪ লাখ টাকা নিয়েছিল।

নৌকাডুবিতে নিহতরা হলেন- সজল বৈরাগী (২৫), মামুন শেখ (২৪), নয়ন বিশ্বাস (১৮), কাজী সজিব (১৯), কায়সার খলিফা (৩৫), মো. রিফাত শেখ (২৫), রাসেল শেখ (১৯) এবং ইমরুল কায়েস আপন (২৪)। নিহতদের মরদেহ তিউনিশিয়ার স্থানীয় হাসপাতালে রাখা হয়েছিল এবং পরে সরকারি প্রক্রিয়ায় বাংলাদেশে আনা হয়।

ঘটনার পর নিহত সজল বৈরাগীর পিতা ঢাকা বিমানবন্দর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর আওতায় মামলা করেন।

সিআইডি জানায়, গ্রেপ্তারদের আদালতে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অপরাধের সঙ্গে জড়িত অন্য পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন