রাজধানীতে ব্র্যাক একাডেমির যাত্রা শুরু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম
ছবি: সংগৃহীত
শিশুদের সার্বিক বিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানী ঢাকায় ব্র্যাক একাডেমির যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর দক্ষিণখানে একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ভালো শিক্ষার জন্য শুধু অবকাঠামো নয়, প্রয়োজন গবেষণাভিত্তিক প্রকৃত শিক্ষা। দেশের প্রচলিত মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থার পরিবর্তে শিশুদের চিন্তাশক্তি, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশে কাজ করছে ব্র্যাক একাডেমি।
সমাপনী বক্তব্যে ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান বলেন, পাসের হার বাড়লেও দক্ষতা ও স্বাধীন চিন্তার বিকাশ হচ্ছে না। সেই ঘাটতি পূরণে ব্র্যাক একাডেমি ভূমিকা রাখবে।
জানা যায়, ২০১৯ সালে কুমিল্লায় প্রথম ব্র্যাক একাডেমি চালু হয়। বর্তমানে কুমিল্লা, বগুড়া, রাজশাহী ও ঢাকায় এর কার্যক্রম চলছে। চলতি মাসেই চট্টগ্রাম, সিলেট, যশোর ও নোয়াখালীতে নতুন শাখা চালুর পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে দেশের ৩০টি জেলায় ব্র্যাক একাডেমি চালু করার লক্ষ্য রয়েছে।
ব্র্যাক একাডেমিতে ৪ বছর বয়সী শিশুদের জন্য প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম রয়েছে। এখানে বাংলা ও ইংরেজি দ্বিভাষিক শিক্ষাপদ্ধতি অনুসরণ করা হয় এবং জাতীয় শিক্ষাক্রমের পাশাপাশি জীবনদক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়।
মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই ব্র্যাক একাডেমির মূল লক্ষ্য।