EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রতিশোধ নয়, ভালোবাসা ও সৌহার্দ্যের সমাজ গড়া হোক নতুন বছরে অঙ্গীকার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ পিএম

প্রতিশোধ নয়, ভালোবাসা ও সৌহার্দ্যের সমাজ গড়া হোক নতুন বছরে অঙ্গীকার
অ অ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক—ধ্বংস বা প্রতিশোধ নয়, বরং ভালোবাসা, পরমতসহিষ্ণুতা ও সৌহার্দ্যের একটি সমাজ গড়ে তোলা।

একই সঙ্গে তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। বাণীতে দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশি ও বিশ্ববাসীকে আন্তরিক অভিনন্দন জানান তারেক রহমান।

তারেক রহমান বলেন, গত বছরের অভিজ্ঞতা থেকেই নববর্ষের নতুন বার্তা উৎসারিত হয়। ১ জানুয়ারি এখন একটি আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে, যা জাতি-ধর্ম নির্বিশেষে সংস্কৃতি ও চেতনার প্রতিচ্ছবি। নতুন বছরে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠ স্বাধীন থাকবে।

বিদায়ী বছরের স্মৃতিচারণ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গত বছরের সাফল্য ও অর্জনের পাশাপাশি অনেক তিক্ত অভিজ্ঞতা ও প্রিয়জন হারানোর বেদনা আমাদের মনে জাগ্রত আছে। তবে নতুন বছরে আমাদের প্রধান লক্ষ্য হতে হবে গণতন্ত্রের পুনরুজ্জীবন। 

তিনি বলেন, গণবিরোধী পরাজিত শক্তি এতদিন জনগণের সব অধিকারকে বন্দি করে রেখেছিল। এখন সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু করতে হবে।

তারেক রহমান তার বার্তায় সামাজিক ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, চিরদিনের জন্য দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ন ও নির্যাতন। আমাদের উচ্চারণ হোক—ধ্বংস নয়, প্রতিশোধ নয়; আসুন ভালোবাসা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি। এমন এক বাংলাদেশ নির্মাণ করতে হবে যেখানে মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে।

বাণীর শেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক এবং সামনের সব বাধা অতিক্রম করতে সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকুক। 

তিনি বলেন, বাংলাদেশই আমাদের ঠিকানা এবং এই দেশের মানুষের কল্যাণই আমাদের মূল লক্ষ্য।

আরও পড়ুন