খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বারের শোক, এজলাসে ওঠেননি বিচারকরা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। একইসঙ্গে সংগঠনটির সদস্যরা আজ আদালতের কার্যক্রমেও অংশ নেননি।
তাদের এ সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে এদিন ঢাকার অধনস্ত আদালতের বিচারকেরাও এজলাসে ওঠেননি। তবে দাপ্তরিক কাজ স্বাভাবিকভাবেই চলেছে।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত শোকবার্তায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের আপসহীন সংগ্রামে অবিচল থাকা এক মহীয়সী নারী ও গণতন্ত্রের মাতা’ হিসেবে বর্ণনা করা হয়।
সেখানে বলা হয়, তার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
ঢাকা আইনজীবী সমিতির সিদ্ধান্ত মোতাবেক ঢাকার সকল আদালতের কার্যক্রমে আইনজীবী সদস্যরা অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
ঢাকার সিএমএম আদালতের নাজির আবুল হাসান কানন বলেন, আইনজীবীরা শোকবার্তা দিয়ে জানান, তারা আজ আদালতের কার্যক্রমে অংশ নেবেন না। পরে মিটিং শেষে সিএমএম আদালতের বিচারকেরা এজলাসে না ওঠার বিষয়ে সিদ্ধান্ত নেন। তবে আদালতের দাপ্তরিক কাজ স্বাভাবিক নিয়মে চলছে।