EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

খুনিরা ধরা না পড়া লজ্জাজনক: হাদির বড় ভাই

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম

খুনিরা ধরা না পড়া লজ্জাজনক: হাদির বড় ভাই

হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

অ অ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজা নামাজের আগে আবেগঘন বক্তব্যে তার বড় ভাই আবু বকর সিদ্দিক বলেন, সাত-আট দিন পার হয়ে গেলেও এখনো খুনিদের গ্রেপ্তার না হওয়া রাষ্ট্রের জন্য লজ্জাজনক।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। 

জানাজা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘আপনারা লক্ষ জনতা—আজ আপনারাই হাদি। ও ছয় ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল। আজ আমাদের তার লাশ বহন করতে হচ্ছে।’

হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে আবু বকর সিদ্দিক বলেন, ‘সাত-আট দিন হয়ে গেল, এখনো কিছু করতে পারিনি। যদি খুনিরা পার পেয়ে যায়, সীমান্ত পার হয়ে যায়—তাহলে এটা আমাদের জন্য চরম লজ্জার।’

তিনি বলেন, হাদি সব সময় একটি ন্যায়ের সমাজ ও বিপ্লবী চেতনার কথা বলত। তার সন্তানের জন্মের সময়ও নাম যেন বিপ্লবী চেতনার প্রতিফলন হয়—এমন কথা বলেছিল হাদি।

‘আজ ওর সন্তানের দিকে তাকানো যায় না। বয়স মাত্র আট মাস,’ বলেন তিনি।

আবু বকর সিদ্দিক আরও বলেন, ‘আমাদের কোনো চাওয়া-পাওয়া নেই। ওর শহীদি তামান্না ছিল—হয়তো আল্লাহ তা কবুল করেছেন। কিন্তু আমি ছাড়বো না। বিচার এই বাংলার জমিনেই হতে হবে।’

বক্তব্যের শেষাংশে তিনি দেশবাসীর কাছে পরিবারের জন্য দোয়া কামনা করেন এবং বলেন, ’হাদি তুমি মরোনি, তুমি আমাদের পাগল বানিয়ে গেছো। আল্লাহ যেন তোমাকে কবুল করেন।’

আরও পড়ুন