শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ গ্ৰহণের আহ্বান শিক্ষা উপদেষ্টা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
ছবি: সংগৃহীত
দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্প নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। উপস্থিত ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইজ, ইউজিসি সদস্যরা, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা বলেন, ইউনেস্কোর সামাজিক ও মানসিক স্বাস্থ্য প্রকল্প তরুণ প্রজন্মকে জুলাই আন্দোলনের ট্রমা কাটিয়ে উঠতে সহায়তা করবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের প্রোগ্রাম আরও বিস্তৃত ও টেকসইভাবে আয়োজন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের তদারকি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পটি শিক্ষার্থীদের হতাশা ও মানসিক চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার কারণে সমাজে ইতিবাচক পরিবর্তন এসেছে। ইউজিসি’র প্রচেষ্টা চলমান থাকবে যাতে আহত শিক্ষার্থীরা তাদের দুর্ভোগ ও ট্রমা কাটিয়ে উঠতে পারে।
ইউনেস্কোর প্রতিনিধি সুজান ভাইজ বলেন, তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়গুলোতে কাঠামোগত পরিবর্তন আনা ও যুবকদের সুরক্ষা নিশ্চিত করতে একসাথে কাজ করা প্রয়োজন।
অনুষ্ঠানে গল্প ও ভিডিও চিত্রের জন্য ১৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়া প্রকল্পের আওতায় ৩টি বই প্রকাশ করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করবে।
উল্লেখ্য, সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের আওতায় দেশের ২২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে সেবা প্রদান করা হয়েছে। এছাড়া ২০ হাজার শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতন করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে এই প্রকল্প দেশের তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।