হাদিকে গুলি: ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ থেকে অভিযুক্তের সহযোগী মো. কবির আটক
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ এএম
ছবি: সংগৃহীত
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মো. কবিরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পর নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারের পর কবিরকে পল্টন থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার মো. কবির ঘটনার কয়েক দিন আগে মাসুদ করিমের সঙ্গে বাংলামোটরে হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন বলে জানিয়েছে র্যাব।
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ হাদির অবস্থা আশঙ্কাজনক। তাকে আজ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।