শিক্ষা ক্যাডারে একদিনে ২ হাজার ৭০৬ কর্মকর্তার পদোন্নতি
সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ৯৯৫ জন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ এএম
ছবি: সংগৃহীত
শিক্ষা ক্যাডারে একদিনে বিপুল সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে মোট ২ হাজার ৭০৬ জন শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়।
এর মধ্যে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ৯৯৫ জন। এই অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী চতুর্থ গ্রেডের (৫০০০০-৭১২০০ টাকা) বেতনক্রমে অন্তর্ভুক্ত হবেন।
পদোন্নতির পর তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করে বর্তমান কর্মস্থলেই ইনসিটু হিসেবে পদায়িত বলে গণ্য হবেন এবং ওই কর্মস্থল থেকেই বেতন-ভাতা গ্রহণ করবেন। তবে, লিয়েনে বা শিক্ষাছুটিতে থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে তাদের লিয়েন বা ছুটি শেষে যোগদানের সাপেক্ষে পদোন্নতির আদেশ কার্যকর হবে।
অন্যদিকে, সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন আরও ১ হাজার ৭১১ জন কর্মকর্তা। এই সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী পঞ্চম গ্রেডের (৪৩০০০-৬৯৮৫০ টাকা) বেতনক্রমে পদোন্নতি লাভ করেছেন। এদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাউশিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করে তাদের পূর্ববর্তী পদে (প্রযোজ্য ক্ষেত্রে) দায়িত্ব পালন করতে বলা হয়েছে এবং তাদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।
উভয় পদোন্নতির ক্ষেত্রেই মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তীতে কারো পদোন্নতি বারিত করার মতো কোনো বিষয় উত্থাপিত হলে তার পদোন্নতিবিষয়ক আদেশ বাতিল করা হবে। তবে এই আদেশের পরিপ্রেক্ষিতে কোনো কর্মকর্তা নিজ প্রতিষ্ঠানের উচ্চতর পদে বা অন্য কোনো প্রতিষ্ঠানে পদায়নের জন্য স্বতঃসিদ্ধভাবে অগ্রাধিকারপ্রাপ্ত বলে বিবেচিত হবেন না।