তফসিল ঘোষণা: দ্বাদশ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
তাওফিকুর রহমান, ঢাকা
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ এএম
ছবি: সংগৃহীত
সংবিধানের অনুযায়ী একটি নির্বাচনের ৫ বছর পরে আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছরের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ৭ জানুয়ারি আর এর তফসিল ঘোষণা হয়েছিল ২০২৩ সালের ১৫ নভেম্বর।
তবে ২০২৪ সালের জুলাই–আগস্টে দেশজুড়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে এক যুগেরও বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। রাজনৈতিক অস্থিরতা ও পট পরিবর্তনের সেই সময়ের পর দেশের রাজনৈতিক প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করে। এর ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ২০২৩ সালের ১৫ নভেম্বর। সেদিন জাতির উদ্দেশে ভাষণে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, ‘৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি।’
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। এরপর নির্বাচন কমিশন ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র যাচাই–বাছাই করে। বাছাইয়ে কোনো মনোনয়ন বাতিল হলে তা ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে আপিল ও শুনানির সুযোগ ছিল এবং একই সঙ্গে ১৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছিল। এছাড়া ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়, আর প্রতীক বরাদ্দের পরই শুরু হয় নির্বাচনী প্রচারণা, যা চলে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
তৎকালীন সিইসি ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ মধ্য দিয়ে জনগণ ও রাজনৈতিক দলগুলোকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। যা আগের নির্বাচনের তুলনায় পাঁচ বছরে ভোটার বেড়েছে ১ কোটি ৫৪ লাখের বেশি।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ
রাজনৈতিক পরিবর্তনের পর নতুন নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের রেকর্ড করা ভাষণ প্রচারের মাধ্যমেই তফসিল ঘোষণা হবে।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সিইসি ভাষণ রেকর্ড করেন। পরে কমিশনারদের সঙ্গে বৈঠক করে তফসিল ঘোষণার আনুষ্ঠানিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়।
সচিব জানান, ইসির গেজেটে থাকা ৩০০ সংসদীয় আসনেই তফসিল ঘোষণা করা হবে।