আসন্ন নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ, অপরাধ করে কেউ পার পাবে না: পুলিশ সুপার
‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।’
ডেইলি সান রিপোর্ট, নীলফামারী
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নীলফামারীর নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম (পিপিএম)। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয় এমন অপরাধ করে কেউ পার পাবে না এবং দায়িত্ব পালনে জেলা পুলিশ বদ্ধপরিকর।
মঙ্গলবার (২ ডিসেম্বর) নীলফামারীর নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) সাংবাদিকদের এসব কথা বলেন।
এসপি শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। মাদক কারবারি, সন্ত্রাসী কিংবা কোনো অপরাধী গোষ্ঠীর প্রতি নরম হওয়ার সুযোগ নেই। নীলফামারীকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
জেলা পুলিশ প্রশাসনের তথ্য অনুযায়ী, নীলফামারী জেলায় মাদক ব্যবসায়ী, বিক্রেতা, সন্ত্রাসী ও মাদকাসক্তদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ ছাড়াও মাদক সংশ্লিষ্ট অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সঙ্গে জেলার বিভিন্ন থানায় পরিচালিত যৌথ অভিযানে আদালত কর্তৃক দণ্ডিত ও দীর্ঘদিন পলাতক আসামিদেরও গ্রেপ্তার করা হচ্ছে। সম্প্রতি ১৩ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করে নীলফামারী থানা পুলিশ।
পুলিশ প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সুশৃঙ্খল রাখার পাশাপাশি অপরাধ দমনে জেলা পুলিশের কঠোর ভূমিকা অব্যাহত থাকবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর সচেতন নাগরিকরা আশা করছেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তারা মনে করেন, চলমান আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্রিয়তা জেলার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করবে।
