আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
এর আগে গত ২৬ নভেম্বর ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছিল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম
দেশের ৭৭টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (১ ডিসেম্বর) এসব উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার নতুন ইউএনও নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে গত ২৬ নভেম্বর ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছিল। এ নিয়ে মোট ২৪৩ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হলো। সংশ্লিষ্টরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব পদে পরিবর্তন আনা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিভাগভিত্তিক নতুন ইউএনও নিয়োগের বিবরণ: ঢাকা বিভাগে ১৮টি, বরিশাল বিভাগে ৪টি, চট্টগ্রাম বিভাগে ৭টি, খুলনা বিভাগে ১২টি, রংপুর বিভাগে ১১টি, রাজশাহী বিভাগে ১৪টি, সিলেট বিভাগে ৮টি এবং ময়মনসিংহ বিভাগে ৩টি উপজেলায় নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন ইউএনওদের আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৪ ডিসেম্বর বিকেল থেকে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবে
