EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

উপদেষ্টা বলেন, ধর্মের বিষয়ে শুধু প্রকৃত আলেম-ওলামাদের ব্যাখ্যাই গ্রহণযোগ্য। কোনো অপব্যাখ্যাকে গ্রহণ করা হবে না

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম

ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অ অ

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ কাউকে দেওয়া হবে না। একই সঙ্গে নির্বাচন বাধাগ্রস্ত হয় এমন উত্তেজনা তৈরি করা থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশে ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন (ইকরা) এই অনুষ্ঠানের আয়োজন করে। 

উপদেষ্টা বলেন, ধর্মের বিষয়ে শুধু প্রকৃত আলেম-ওলামাদের ব্যাখ্যাই গ্রহণযোগ্য। কোনো অপব্যাখ্যাকে গ্রহণ করা হবে না।

আ ফ ম খালিদ হোসেন বলেন, আমরা এমন কোনো কাজ করব না যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। এমন কোনো কাজ করব না যাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যাহত হয়। আমরা দায়িত্বশীল ভূমিকা পালন কবর, সচেতনভাবে পা ফেলব। 

বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, প্রতিবছরই বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এদেশের হাফেজ ও ক্বারীরা পুরস্কার নিয়ে আসছে। এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়। 

তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে দ্বীনি দাওয়াত বিভাগ যে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করে সেটা নিখুঁত হওয়ার কারণেই আমরা আন্তর্জাতিক পুরস্কার পেয়ে আসছি। এজন্য তিনি ইসলামিক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া, হাফেজ, কারি, ইমাম ও মুয়াজ্জিনদের কী কী সুযোগ-সুবিধা বাড়ানো যায় সে বিষয়ে চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন তিনি। 

কেউ আইনের উর্ধ্বে নয় উল্লেখ করে তিনি বলেন, আমরা আইন মেনে চলব। আমরা কেউ আইন হাতে তুলে নেব না, বিচারের ভার নিজের হাতে নেব না। বিচারের জন্য আইন আছে, আদালত আছে, সরকার আছে। 

ইকরার সভাপতি শেখ কারি আহমেদ বিন ইউসুফ আল-আজহারির সভাপতিত্বে এ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব তানভীর আহমেদ, পুলিশের বিশেষ শাখার ডিআইজি এজাজ আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক হারুনুর রশিদ বিশেষ অতিথির বক্তৃতা করেন। সম্মেলনে বাংলাদেশে বিভিন্ন বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত, মিশন প্রধান, প্রসিদ্ধ কারিসহ আলেম-ওলামারা অংশ নেন।

আরও পড়ুন