EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ময়মনসিংহে বন্ধুকে কুপিয়ে খুন, থানায় ঘাতকের আত্মসমর্পণ

নিহত মুনতাসির ফাহিম মালয়েশিয়ায় পড়াশোনা করত

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৮:১৯ এএম

ময়মনসিংহে বন্ধুকে কুপিয়ে খুন, থানায় ঘাতকের আত্মসমর্পণ

অভিযুক্ত অনিক মন্ডল (কালো রঙের টিশার্ট) ও নিহত ফাহিম। ছবি: সংগৃহীত

অ অ

ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর হাতে প্রাণ গেল মুনতাসীর ফাহিম (২৩) নামে এক যুবকের। পরে ঘাতক ওহেদুল ইসলাম অনিক (২২) নিজেই থানায় আত্মসমর্পণ করেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ত্রিশাল সরকারি নজরুল একাডেমির মাঠে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে তারই বন্ধু ওহেদুল ইসলাম অনিক (২২)।  

নিহত মুনতাসীর ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। অভিযুক্ত অহিদুল ইসলাম অনিক ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যার পর দুই বন্ধুর মধ্যে ব্যক্তিগত বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ফাহিমকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন অনিক। রাত ৯টার দিকে হাতে চাইনিজ কুড়াল নিয়ে ত্রিশাল থানায় হাজির হন ওই যুবক। থানায় ঢুকেই ফাহিম তার জীবন নষ্ট করে দিয়েছে মন্তব্য করে তাকে হত্যার কথা পুলিশকে জানান।


পরে তার দেয়া তথ্যমতে, একাডেমির মাঠের পূর্ব পাশে পানির ট্যাংকির পাশে পড়ে থাকা ফাহিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফাহিমের নানি মাকসুদা আক্তার বলেন, আমার নাতি পৌর এলাকার হাসপাতালের পেছনে ভাড়া বাসায় থাকত। মালয়েশিয়ায় পড়াশোনা করত সে। চার মাস আগে মালয়েশিয়া থেকে দেশে আসে। ফাহিম সব সময় বাসায় থাকত, অনিক তাকে ডেকে নিয়ে যেত। সে পরিকল্পনা করে আমার নাতিকে হত্যা করেছে।

ফাহিমের বাবা রেজাউল ইসলাম বাদল বলেন, আমার ছেলে বিদেশে লেখাপড়া করে। কিছু দিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ছুটিতে দেশে আসে। আগামী শনিবার (২৯ নভেম্বর) মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে ফিরে যাওয়ার কথা ছিল। কেন আমার ছেলেকে হত্যা করল জানি না। অনিক পরিকল্পিতভাবে ফাহিমকে ডেকে নিয়ে হত্যা করেছে। ছেলে হত্যার কঠিন বিচার দাবি করছি।

ত্রিশাল থানার ওসি (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল বলেন, ফাহিমকে খুন করে রক্তমাখা ধারালো চাইনিজ কুড়াল হাতে থানায় এসে আত্মসমর্পণ করে ঘাতক অহিদুল ইসলাম অনিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করেছে। ব্যক্তিগত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতার অনিককে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

আরও পড়ুন