বাংলাদেশের সিরামিক শিল্প বিশ্ববাজারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে: বাণিজ্য উপদেষ্টা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম
আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় সিরামিক এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ছবি: সংগৃহীত
দেশীয় সিরামিক শিল্পকে বিশ্ববাজারে তুলে ধরার লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে চারদিনব্যাপী আন্তর্জাতিক সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২৫। প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় সিরামিক এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘এক সময় শতভাগ আমদানিনির্ভর এই শিল্প আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এ শিল্পের বিকাশে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং উৎপাদনের জন্য নিরবিচ্ছিন্ন জ্বালানী অপরিহার্য।’
বিসিএমইএ প্রেসিডেন্ট মইনুল ইসলাম জানান, দেশে ৭০টিরও বেশি সিরামিক টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারিওয়্যার কারখানা কার্যক্রমে রয়েছে। স্থানীয় বাজারে বার্ষিক বিক্রয় প্রায় ৮ হাজার কোটি টাকা এবং বিশ্বের ৫০টিরও বেশি দেশে রপ্তানি করা হচ্ছে। গত দশ বছরে উৎপাদন ও বিনিয়োগ বেড়েছে প্রায় ১৫০ শতাংশ। এই শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছে ২৫টি দেশ থেকে আসা ১৩৫ প্রতিষ্ঠান ও ৩০০ ব্র্যান্ড। মেলায় থাকবে সেমিনার, জব ফেয়ার, বিটুবি ও বিটুসি মিটিং, লাইভ ডেমোনস্ট্রেশন, স্পট অর্ডার এবং নতুন পণ্যের মোড়ক উন্মোচন।
বিসিএমইএ’র জেনারেল সেক্রেটারী ইরফান উদ্দীন বলেন, ‘উন্নত ডিজাইন ও গুণগত মানের কারণে বিশ্ববাজারে বাংলাদেশের সিরামিক পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তির ব্যবহার যেমন অটোমেশন, রোবোটিক হ্যান্ডলিং এবং উন্নত প্রোডাকশন লাইন উৎপাদনকে দ্রুত, নির্ভুল ও খরচ-সাশ্রয়ী করবে।’
প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।
প্রিন্সিপাল স্পন্সর হিসেবে রয়েছে শেলটেক সিরামিকস, প্লাটিনাম স্পন্সর ডিবিএল সিরামিকস, আকিজ সিরামিকস, মেঘনা সিরামিক এবং গোল্ড স্পন্সর মীর সিরামিক, আবুল খায়ের সিরামিক, এইচএলটি ডিএলটি ও সাকমি।