৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২৬ নভেম্বর) রাতে প্রকাশিত এই ফলে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।
পিএসসি জানায়, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মেধা ও সক্ষমতা—উভয়দিক বিবেচনা করেই এই মনোনয়ন দেওয়া হয়েছে। প্রার্থীরা পিএসসির ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের স্বাক্ষরে ফল প্রকাশের বিজ্ঞপ্তি জারি করা হয়। রাত ১১টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এর আগে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। তাদের মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন, আর অনুপস্থিত ছিলেন ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ২৪ শতাংশ।
৪৫তম বিসিএসের ফল প্রকাশের কয়েক ঘণ্টা আগে আজ বিকেলে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিসিএসের মাধ্যমে ১ হাজার ৭৫৫ জনকে ক্যাডারে এবং ৩৯৫ জনকে নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী— প্রিলিমিনারি পরীক্ষা: ৩০ জানুয়ারি ২০২৬, লিখিত পরীক্ষা: ৯ এপ্রিল ২০২৬, মৌখিক পরীক্ষা: ১০ আগস্ট ২০২৬
অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন করা যাবে আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি পরিশোধ করা যাবে ২০২৬ সালের ৩ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
পিএসসি জানিয়েছে, পরীক্ষার সব ধাপ নির্ধারিত সময় অনুযায়ী পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।