ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন ডিনার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৪:২১ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীতে ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫ এর গ্র্যাজুয়েশন নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স ব্যাংকুয়েট হলে এ অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কোর্সে অংশগ্রহণকারী সব দেশি ও বিদেশি কোর্স মেম্বারগণকে সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং কোর্সের সঙ্গে সম্পৃক্ত সব ফ্যাকাল্টি মেম্বার ও স্টাফ অফিসারগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন ও বিদেশি কোর্স মেম্বারদের পক্ষ থেকে সিনিয়র কোর্স মেম্বারগণ বক্তব্য দেন। কোর্স কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য তারা কলেজ কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানান।
এ বছর বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে ৪৯ জন, বেসামরিক প্রশাসনের ১৮ জন এবং বন্ধুপ্রতিম ১৮টি দেশের ২৯ জনসহ সর্বমোট ৯৬ জন কোর্স মেম্বার ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫ এ অংশগ্রহণ করেন। অপর দিকে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে ৫৬ জন কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫ সম্পন্ন করেন।