EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মুক্তিযুদ্ধে বগুড়ার অবদান স্মরণে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রত্যেক সংকটমুহূর্তে জনগণের পাশে দাঁড়িয়েছে।

স্টাফ রিপোর্টার, বগুড়া

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৮:২১ পিএম

মুক্তিযুদ্ধে বগুড়ার অবদান স্মরণে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

ছবি: সংগৃহীত

অ অ

১৯৭১ সালে বগুড়া অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানকে স্মরণ করে বগুড়া সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ এনডিসি, এএফডাব্লিউ, সিপিএসসি।

অনুষ্ঠানে তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ শুরু হয়েছিল, যা মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি উল্লেখ করেন, বগুড়ার জনগণ মুক্তিযুদ্ধে যে সাহস, সহযোগিতা ও ত্যাগের পরিচয় দিয়েছে, তা জাতির কাছে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

মেজর জেনারেল তৌহিদুল আহমেদ আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রত্যেক সংকটমুহূর্তে জনগণের পাশে দাঁড়িয়েছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন রাষ্ট্রগঠনমূলক কাজে সশস্ত্র বাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শান্তিরক্ষা মিশনে দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের সুনাম উজ্জ্বল করেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও সব অতিথিকে শুভেচ্ছা জানান। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। আয়োজনে সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য, প্রাক্তন সেনাসদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরে দিনটি পালন করা হয়।

আরও পড়ুন