EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি, পরিস্থিতির উন্নতি হয়েছে: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ঐকান্তিকভাবে চেষ্টা করে যাচ্ছে পরিস্থিতির আরও উন্নতি ঘটানোর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১১:১৫ এএম

অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি, পরিস্থিতির উন্নতি হয়েছে: অর্থ উপদেষ্টা
অ অ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি। বরং পরিস্থিতির উন্নতি হয়েছে। অন্তর্বর্তী সরকার ঐকান্তিকভাবে চেষ্টা করে যাচ্ছে পরিস্থিতির আরও উন্নতি ঘটানোর।’

রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুসন্ধানী সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়ার মোট ২৬ জন সাংবাদিককে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’ দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিকদের ‘জনগণের কণ্ঠ’ আখ্যায়িত করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘দেশের চলমান ক্রান্তিকালে সঠিক তথ্য সরবরাহ করে জনগণের পাশে থাকা সাংবাদিকদের জন্য অত্যন্ত জরুরি। যারা প্রতিবেদন দাখিল করেছেন, তাদের কাজগুলো দেশের আর্থসামাজিক উন্নয়ন ও বিশ্ব প্রেক্ষাপটে অত্যন্ত মূল্যবান। সাংবাদিকরা তাৎক্ষণিক সমস্যাগুলো তুলে ধরলে দ্রুত সমাধান করা সম্ভব হয়।’

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সৃষ্ট হতাশা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি, বরং পরিস্থিতির উন্নতি হয়েছে। আগস্ট মাসে অর্থনৈতিক অবস্থা কঠিন ছিল, কিন্তু আমরা ভিতরের অবস্থা জানি। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে, এক্সপোর্টও বাড়ছে।’ তিনি বলেন, ‘যদি অন্তর্বর্তী সরকার দায়িত্ব না নিত, তবে দেশের অবস্থা আরও খারাপ হতে পারত। বর্তমানে মুদ্রাস্ফীতি (ইনফ্লেশন) ১৪ শতাংশ থেকে ৮ শতাংশে নেমে এসেছে এবং এটি আরও কমবে।’ আগামী তিন মাস খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো অর্থনৈতিক কাঠামোটি সুসংহত করা, যাতে আগামী সরকার দায়িত্ব নিয়ে এটিকে আরও উন্নত করতে পারে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং নগদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কায়সার আহমেদ চৌধুরী। এ ছাড়াও নগদের প্রশাসক মো. মোতাসেম বিল্লাহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন