নিরাপদ ইন্টারনেট দিবস: জাতীয় কুইজ ও সাইবার ড্রিলের পুরস্কার বিতরণ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:২২ পিএম
নিরাপদ, সচেতন ও দায়িত্বশীল ইন্টারনেট ব্যবহারে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এবং দেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা জোরদারের লক্ষ্যে আয়োজিত ‘নিরাপদ ইন্টারনেট দিবস ২০২৬’ উপলক্ষে জাতীয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতা, জাতীয় সাইবার ড্রিল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে শনিবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল যুগে নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। দেশের গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোর সুরক্ষা এবং দক্ষ সাইবার নিরাপত্তা জনবল গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম
নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে দেশের ৩০০ সংসদীয় আসনের আওতাধীন ‘স্কুল অব ফিউচার’-এ আইসিটি অধিদপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ, সাইবার নিরাপত্তাবিষয়ক সেমিনার ও আলোচনা সভার আয়োজন এবং অনলাইন নিরাপত্তা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
দেশব্যাপী ৬ হাজারের বেশি শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় নিবন্ধন করে। পরে ১৬ মে দেশের ১৭টি আঞ্চলিক ভেন্যুতে জুনিয়র ও সিনিয়র—দুই বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখান থেকে নির্বাচিত বিজয়ীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশ নেয়।
জাতীয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতা
রাজধানীর আইসিটি টাওয়ারে আয়োজিত জাতীয় চূড়ান্ত কুইজ প্রতিযোগিতায় সাইবার নিরাপত্তা, অনলাইন নিরাপত্তা, তথ্য সুরক্ষা ও ডিজিটাল সচেতনতা বিষয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। একইসঙ্গে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব নিয়ে একটি সেমিনারেরও আয়োজন করা হয়।
জাতীয় সাইবার ড্রিলে ৬৮ দলের অংশগ্রহণ
‘নিরাপদ ইন্টারনেট দিবস ২০২৬’-এর অন্যতম আকর্ষণ ছিল জাতীয় সাইবার ড্রিল ২০২৬। দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো (সিআইআই) সংশ্লিষ্ট মোট ৬৮টি দল এতে অংশ নেয়।
অনলাইনে অনুষ্ঠিত এ ড্রিলে অংশগ্রহণকারী দলগুলোকে বাস্তবধর্মী সাইবার হামলা মোকাবিলা, ঝুঁকি মূল্যায়ন, নেটওয়ার্ক নিরাপত্তা, ক্রিপ্টোগ্রাফি, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ওয়েব সিকিউরিটি, ডিজিটাল ফরেনসিক, থ্রেট অ্যানালাইসিস ও ইনসিডেন্ট রেসপন্সসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা প্রদর্শন করতে হয়।
প্রতিযোগিতায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ৫ হাজার ৭৫০ স্কোর অর্জন করে প্রথম স্থান লাভ করে। ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি ৫ হাজার ৬০০ স্কোর নিয়ে দ্বিতীয় এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ৫ হাজার ৫৫০ স্কোর অর্জন করে তৃতীয় স্থান অধিকার করে।
আয়োজকরা জানান, ড্রিলের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে পুরো কার্যক্রম ভিডিও সার্ভিল্যান্সের আওতায় পরিচালিত হয়েছে।
পুরস্কার বিতরণ
অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় কুইজ প্রতিযোগিতা ও জাতীয় সাইবার ড্রিলের বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।
বক্তারা আশা প্রকাশ করেন, নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচি দেশে সাইবার নিরাপত্তা সংস্কৃতি বিকাশে এবং একটি নিরাপদ ও সুরক্ষিত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।