রোহিঙ্গা গণহত্যার রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪২ এএম
রোহিঙ্গা শরণার্থীদের ন্যায়বিচারের দাবিতে ১৪ দেশের যৌথ বিবৃতি।
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ১৪টি দেশ। সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। দেশগুলো বলেছে, এ রায় রোহিঙ্গা ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিবৃতিতে গণহত্যা প্রতিরোধ ও শাস্তিসংক্রান্ত সনদের আওতায় গাম্বিয়ার করা মামলায় আইসিজের রায়কে স্বাগত জানানো হয়েছে। আদালত এ সনদের অধীনে মিয়ানমারকে তার বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য দায়ী করেছে।
আইসিজের রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক উল্লেখ করে দেশগুলো বলেছে, আন্তর্জাতিক আইন ও আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নিজেদের সব বাধ্যবাধকতা পূরণ করতে হবে মিয়ানমারকে।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গারা বছরের পর বছর ভয়াবহ সহিংসতা, বাস্তুচ্যুতি ও নিপীড়নের শিকার হয়েছেন। আদালতের রায় স্পষ্ট বার্তা দিয়েছে যে এ ধরনের অপরাধ দায়মুক্তির সুযোগে ঘটতে পারে না।
রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে ও টেকসইভাবে মিয়ানমারে ফেরত পাঠানোর পরিবেশ তৈরি করা অপরিহার্য বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে বলা হয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার শিকার ব্যক্তিদের পাশাপাশি মিয়ানমারের সব মানুষের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখবে দেশগুলো।
বিবৃতিতে সই করেছেন অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা।