এশিয়াজুড়ে দুর্যোগের আগাম সতর্কীকরণ নেটওয়ার্ক গড়বে জাপান
এই নেটওয়ার্কের মাধ্যমে আবহাওয়াসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে প্রাকৃতিক দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সতর্কবার্তা দেওয়া হবে
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৯ এএম
ছবি: সংগৃহীত
এশিয়ার বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা চালু এবং এ-সংক্রান্ত তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ে একটি আঞ্চলিক নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে জাপান সরকার।
সোমবার (১৬ নভেম্বর) সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে।
এই নেটওয়ার্কের মাধ্যমে আবহাওয়াসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে প্রাকৃতিক দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সতর্কবার্তা দেওয়া হবে। তুরস্কে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৩১তম সম্মেলনে (কপ৩১) এ পরিকল্পনা ঘোষণা করার কথা রয়েছে।
আগাম সতর্কীকরণ ব্যবস্থায় স্যাটেলাইট ও রাডার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দুর্যোগের ঝুঁকিতে থাকা মানুষকে সতর্ক করা হয়। জাপানে এ ধরনের ব্যবস্থার উদাহরণ হলো সরকারের হিটস্ট্রোক সতর্কতা ব্যবস্থা এবং ‘কিকিকুরু’ সেবা। এই সেবার মাধ্যমে মানচিত্রে ভূমিধস ও বন্যার ঝুঁকি সম্পর্কে তথ্য দেওয়া হয়।
২০২৩ সালে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ ধরনের সেবা ছড়িয়ে দিতে সরকারি-বেসরকারি উদ্যোগ নেয় জাপান। এর অংশ হিসেবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সদস্যদেশগুলোতে বাজারের চাহিদা ও সম্ভাব্যতা যাচাই করা হয়। পাশাপাশি এসব দেশে এ-সংক্রান্ত ব্যবসা শুরু করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়া হয়।
থাইল্যান্ডে আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের কারণে হঠাৎ বন্যা একটি বড় সমস্যা। দেশটিতে জাপানি প্রতিষ্ঠান ওয়েদারনিউজ আবহাওয়ার পূর্বাভাসের পাশাপাশি স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়ে থাকে।
নতুন নেটওয়ার্কের মাধ্যমে আসিয়ানের ছয়টি দেশের মধ্যে দুর্যোগসংক্রান্ত তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করতে চায় জাপান সরকার। পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশে আগাম সতর্কীকরণ ব্যবস্থা চালু করতে সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে দেশটির। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে বলে আশা করছে জাপান সরকার।
