ভোজ্যতেলের আমদানি খরচ বাড়াল এনবিআর
সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে এক শতাংশ উৎসে কর বসানো হয়েছে।
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ এএম
ছবি: সংগৃহীত
সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে এক শতাংশ উৎসে কর বসানো হয়েছে। এতদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে এ খাতে কোনো উৎসে কর ছিল না। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে এক প্রজ্ঞাপনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এতে বলা হয়েছে, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন, ভ্যাট নিবন্ধিত ভোজ্যতেল পরিশোধন শিল্পের মাধ্যমে অপরিশোধিত ভোজ্যতেল আমদানি, সানফ্লাওয়ার বিজ ও তেল এবং ভুট্টার তেল আমদানিতে উৎসে কর নির্ধারণের হার এক শতাংশ হবে।
এদিকে আন্তর্জাতিক বাজারে দাম কমায় আগস্টে দেশের বাজারে পাম তেলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা ঘোষণা করেছে সরকার। এর আগে পাম তেলের দাম ছিল ১৬৯ টাকা। তবে সয়াবিন তেলের দাম আগের মতো ১৮৯ টাকা (এক লিটার বোতল) অপরিবর্তিত রয়েছে।
গত ১৫ এপ্রিল সয়াবিন ও পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। সে সময় প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় ১৮৯ টাকায়। এর আগে গত ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলের সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম ছিল ১৭৫ টাকা।
এর একদিন পর ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সয়াবিন তেলের আমদানি পর্যায়ে আগাম কর প্রত্যাহার করা হয়। একই সঙ্গে অপরিশোধিত পাম তেলের ক্ষেত্রেও এ সুবিধা দিয়েছে এনবিআর।
ওই আদেশে বলা হয়েছে, অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেল আমদানি ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে; এক্ষেত্রে আগে ৫ শতাংশ হারে আগাম কর ধার্য ছিল।