সিনেটে শপথে কুরআন ব্যবহার করতে পারেন আবদুল সায়েদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম
মিশিগান থেকে নির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ।
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ আগামী বছরের জানুয়ারিতে সিনেটে শপথ গ্রহণের সময় পবিত্র কুরআন ব্যবহার করতে পারেন। এ নিয়ে এনপিআরের এক সাক্ষাৎকারে তিনি নিজেই ইঙ্গিত দিয়েছেন। এতে মার্কিন রাজনীতিতে মুসলিম প্রতিনিধিত্বের ক্ষেত্রে আরেকটি ঐতিহাসিক ঘটনা যুক্ত হতে যাচ্ছে।
গত ১২ নভেম্বর এনপিআরের ‘নিউজমেকার্স’ অনুষ্ঠানে উপস্থাপক লেইলা ফাদেলের সঙ্গে সাক্ষাৎকারে এ কথা জানান এল-সায়েদ। তবে শপথে কোন কুরআনটি ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি তিনি।
প্রতিবেদন অনুযায়ী, দুটি কুরআনের কথা বিবেচনা করছেন তিনি। একটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহের কুরআন। ২০০৭ সালে সাবেক কংগ্রেস সদস্য কিথ এলিসন শপথ গ্রহণের সময় এটি ব্যবহার করেছিলেন। অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে থাকা কুরআনের একটি প্রাচীন পাণ্ডুলিপি।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন আবদুল এল-সায়েদ। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন।