আফ্রিকার খনিজ সম্পদের নিয়ন্ত্রণ কার হাতে যাবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:০১ এএম
আফ্রিকার খনিজ সম্পদের নিয়ন্ত্রণে মুখোমুখি তিন শক্তি।
আফ্রিকার বিপুল খনিজ সম্পদের নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) কোবাল্ট, মালির লিথিয়াম ও নাইজারের ইউরেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে দেশগুলো বিনিয়োগ, কূটনীতি, অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা সহযোগিতা বাড়াচ্ছে।
বৈদ্যুতিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে এসব খনিজের ব্যবহার বাড়ায় এ প্রতিযোগিতা তীব্র হচ্ছে।
চীন দীর্ঘদিন ধরে আফ্রিকার খনি, খনিজ প্রক্রিয়াজাতকরণ ও অবকাঠামো খাতে বিনিয়োগ করে সরবরাহব্যবস্থায় শক্ত অবস্থান গড়েছে। গত বছর চীন-আফ্রিকা বাণিজ্য রেকর্ড ৩৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অবকাঠামো বিনিয়োগের বড় মাধ্যম দেশটির বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ।
কৌশলগত খনিজের সরবরাহ নিশ্চিত করে চীনের ওপর নির্ভরতা কমাতে চাইছে যুক্তরাষ্ট্র। গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির শিল্পের জন্য ১২ বিলিয়ন ডলারের কৌশলগত খনিজ মজুত গড়তে ‘প্রজেক্ট ভল্ট’ ঘোষণা করেন।
বিশ্বের মোট খনন করা কোবাল্টের প্রায় ৭৩ শতাংশ উৎপাদন করে ডিআর কঙ্গো। দেশটির খনি খাতে চীনা কোম্পানিগুলোর শক্ত অবস্থানের বিপরীতে যুক্তরাষ্ট্র গত ডিসেম্বরে কঙ্গোর সঙ্গে কৌশলগত অংশীদারত্ব চুক্তি করে। তবে কঙ্গোর অর্থমন্ত্রী ড্যানিয়েল মুকোকো সাম্বা ওয়াশিংটনকে চুক্তির পাশাপাশি বাস্তব বিনিয়োগ ও প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
খনিজ পরিবহনের অবকাঠামোও এ প্রতিযোগিতার অংশ। ইউরোপ ও আফ্রিকার অংশীদারদের নিয়ে যুক্তরাষ্ট্র লোবিতো করিডর উন্নয়নে কাজ করছে। এর মাধ্যমে অ্যাঙ্গোলার আটলান্টিক উপকূল যুক্ত হবে কঙ্গো ও জাম্বিয়ার খনিজসমৃদ্ধ অঞ্চলের সঙ্গে।
রাশিয়ার অর্থনৈতিক উপস্থিতি তুলনামূলক ছোট। তবে সাহেল অঞ্চলে সামরিক ও নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে প্রভাব বাড়িয়েছে মস্কো। ওয়াগনারের সাবেক কার্যক্রমের বড় অংশ এখন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন আফ্রিকা কর্পস পরিচালনা করছে।
মালি ও নাইজারেও লিথিয়াম, স্বর্ণ ও ইউরেনিয়াম নিয়ে আগ্রহ বাড়ছে। দেশ দুটি রাশিয়ার সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদার করলেও তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। নাইজারের দাসা ইউরেনিয়াম প্রকল্পে সর্বোচ্চ ৪১৪ মিলিয়ন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা।
এ প্রতিযোগিতা আফ্রিকার দেশগুলোর জন্য বিনিয়োগ ও দর-কষাকষির সুযোগ তৈরি করেছে। তবে কাঁচামাল রপ্তানির ওপর নির্ভরতা, দুর্নীতি ও দুর্বল অবকাঠামো উন্নয়নের সুফল সীমিত করতে পারে। তাই বিদেশি বিনিয়োগকে স্থানীয় কর্মসংস্থান, খনিজ প্রক্রিয়াজাতকরণ ও শিল্পায়নের সঙ্গে যুক্ত করাই এখন দেশগুলোর বড় চ্যালেঞ্জ।