EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় পৃথক বন্দুক হামলায় নিহত ১৭

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ এএম

দক্ষিণ আফ্রিকায় পৃথক বন্দুক হামলায় নিহত ১৭

ছবি: সংগৃহীত

অ অ

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় ১৭ জন নিহত হয়েছেন।

রবিবার (১৫ নভেম্বর) রাতে দেশটির কোয়াজুলু-নাটাল প্রদেশ ও রাজধানী প্রিটোরিয়ার দুটি এলাকায় এসব হত্যাকাণ্ড ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে হামলার কারণ এখনো জানা যায়নি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারমারিৎসবার্গ শহরের বাইরে একটি মিনিবাসে গুলি চালিয়ে আটজনকে হত্যা করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর তাদের মরদেহ উদ্ধার করে। নিহতদের প্রত্যেকের শরীরে একাধিক গুলির আঘাত ছিল।

এর কয়েক ঘণ্টা পর প্রিটোরিয়ার পশ্চিমাঞ্চলের আতেরিজভিলের জেফসভিল এলাকায় একটি ঘর থেকে ছয় পুরুষ ও তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাত ১০টা থেকে ১১টার মধ্যে চার কক্ষের ওই বাড়িতে হত্যাকাণ্ড ঘটে। ঘরের বিভিন্ন কক্ষে মরদেহগুলো পড়ে ছিল। বাইরে পাওয়া গেছে ব্যবহৃত গুলির খোসা।

পুলিশ জানিয়েছে, দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই। হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। সন্দেহভাজনদের ধরতে অভিযানও শুরু হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় বন্দুক সহিংসতা দীর্ঘদিনের সমস্যা। অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার এবং গ্যাং-সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। মাদক পাচার ও অবৈধ খনিকে কেন্দ্র করে গ্যাংগুলোর আধিপত্য বিস্তারের সংঘাতেও প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।


এর আগে গত সেপ্টেম্বরে পৃথক দুটি বন্দুক হামলায় ২৮ জন নিহত হন। ২৫ সেপ্টেম্বর জোহানেসবার্গের কাছে একটি বারে বন্দুকধারীদের হামলায় ১৮ জন নিহত ও ১৪ জন আহত হন। পরদিন কেপটাউনের কাছে আরেকটি হামলায় নিহত হন ১০ জন, আহত হন ১১ জন।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ৫ হাজার ৪২৭ জন খুন হয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন হত্যার শিকার হয়েছেন। তবে আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৬ শতাংশ কম।

আরও পড়ুন