পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ এএম
ছবি: সংগৃহীত
২০২৭ সালের নতুন পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ইতিহাস ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন বিষয় যুক্ত করা হচ্ছে। বাংলা সাহিত্য, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ের বইয়ে অন্তত ১৪টি সংযোজন ও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এসব পরিবর্তন আনা হচ্ছে। তবে ২০২৭ সালের পরিবর্তন মূলত সংযোজন ও সংশোধনের মধ্যে সীমিত থাকবে। পাঠ্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসতে পারে ২০২৮ সালে।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মওলা বলেন, ২০২৭ সালের পাঠ্যবইয়ে বেশির ভাগ পরিবর্তনই হবে সংযোজন ও সংশোধন। বড় পরিবর্তনের জন্য ২০২৮ সালের দিকে যেতে হবে।
নতুন পাঠ্যবইয়ে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত জিয়াউর রহমান, খালেদা জিয়া, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন বিষয় যুক্ত করা হচ্ছে।
জিয়াউর রহমানের ‘উই রিভল্ট’ বিদ্রোহ ও স্বাধীনতার ঘোষণা-সংক্রান্ত বিষয় তৃতীয় থেকে সপ্তম শ্রেণির বইয়ে সংক্ষেপে এবং অষ্টম থেকে দশম শ্রেণিতে তুলনামূলক বিস্তারিতভাবে তুলে ধরা হবে। পঞ্চম শ্রেণির ‘আমাদের স্মরণীয় নেতারা’ অধ্যায়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনী যুক্ত করা হচ্ছে। নবম ও দশম শ্রেণির বাংলা বইয়ে থাকবে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’।
মুক্তিযুদ্ধের ইতিহাসেও বেশ কিছু সংযোজন করা হচ্ছে। ষষ্ঠ শ্রেণির বইয়ে সাত বীরশ্রেষ্ঠকে নিয়ে সংক্ষিপ্ত লেখা এবং অষ্টম শ্রেণির বইয়ে ‘মুক্তিযুদ্ধ ব্রিগেড বাহিনী’ যুক্ত করা হচ্ছে। নবম ও দশম শ্রেণির বইয়ে মুক্তিযুদ্ধের সাংগঠনিক দিক তুলে ধরা হবে। এর মধ্যে ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়া বৈঠকের বিষয়ও থাকছে।
স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ইতিহাসের অংশ হিসেবে ষষ্ঠ শ্রেণি থেকে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ‘সিপাহি-জনতা বিপ্লব’ যুক্ত করা হচ্ছে। অষ্টম এবং নবম-দশম শ্রেণির বইয়ে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে খালেদা জিয়ার ভূমিকার বিষয়ও রাখা হচ্ছে।
এদিকে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাও প্রথমবারের মতো বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গুরুত্ব পাচ্ছে। চতুর্থ শ্রেণির বইয়ে ‘শহীদ আনাসের গল্প’ এবং নবম-দশম শ্রেণির বইয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বিষয়ে লেখা যুক্ত করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী এ এন এম এহসানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের বয়স উপযোগী করে জুলাই গণ-অভ্যুত্থানের কারণ ও ঘটনাপ্রবাহ, হত্যাকাণ্ড, মানুষের আত্মত্যাগ, নারীদের ভূমিকা এবং এর ঐতিহাসিক গুরুত্ব পাঠ্যবইয়ে তুলে ধরা হবে।
এ ছাড়া নবম ও দশম শ্রেণির ইতিহাস বইয়ে আওয়ামী লীগ সরকারের সময়ের গুম, হত্যাকাণ্ড, অর্থ পাচার, নির্বাচনী ব্যবস্থা, পিলখানা ট্র্যাজেডি, সাংবাদিক হত্যা এবং গণমাধ্যমে হস্তক্ষেপের মতো বিষয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
