EN ☀️
×

Follow Us

মহাকাশ

মহাকাশ থেকে রাতের পৃথিবীর বিরল ছবি প্রকাশ করল নাসা

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৩:৪০ এএম

মহাকাশ থেকে রাতের পৃথিবীর বিরল ছবি প্রকাশ করল নাসা

ছবি: সংগৃহীত

অ অ

মহাকাশ থেকে রাতের পৃথিবী দেখতে কেমন— সেই বিরল দৃশ্যের নতুন কিছু ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মহাকাশচারীদের তোলা এই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নাসা জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থাইল্যান্ড উপসাগরের ওপর দিয়ে যাওয়ার সময় এই ছবিগুলো ধারণ করা হয়। ছবিতে অন্ধকার পৃথিবীর বুকে শহরের আলো, উপকূলরেখা এবং বিভিন্ন প্রাকৃতিক অঞ্চল স্পষ্টভাবে আলাদা হয়ে ফুটে উঠেছে।

ছবিতে উজ্জ্বল আলোর ঘন অংশগুলো বড় শহর ও জনবসতির অবস্থান বোঝাচ্ছে। সরু আলোর রেখাগুলো মহাসড়ক ও সীমান্ত এলাকার চিহ্ন। অন্যদিকে সমুদ্র, মরুভূমি ও বনাঞ্চলের মতো এলাকাগুলো অন্ধকার দেখাচ্ছে, কারণ সেখানে কৃত্রিম আলোর ব্যবহার অনেক কম।

ছবিগুলোর কিছু অংশে নীল ও সবুজ রঙের ছোট ছোট আলোর বিন্দুও চোখে পড়েছে। নাসা জানিয়েছে, এগুলো মূলত স্কুইড বা সামুদ্রিক প্রাণী ধরার মাছ ধরার নৌকার আলো। এই আলো ছোট মাছ ও প্ল্যাঙ্কটনকে আকর্ষণ করে, আর সেগুলোর টানে স্কুইড জালের কাছে চলে আসে।

বিশেষজ্ঞরা বলছেন, মহাকাশ থেকে আলোকিত ও অন্ধকার অঞ্চলের পার্থক্য অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায়। এতে শুধু মহাদেশ ও দেশের আকৃতিই নয়, বিশ্বের কোথায় কতটা বিদ্যুৎ ব্যবহার ও উন্নয়ন হয়েছে তার চিত্রও ফুটে ওঠে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা প্রায়ই পৃথিবীর রাতের দৃশ্যকে তাদের সবচেয়ে আকর্ষণীয় অভিজ্ঞতাগুলোর একটি হিসেবে বর্ণনা করেন।

ইনস্টাগ্রামে নাসা লিখেছে, পৃথিবীর কোথাও না কোথাও সব সময় রাত থাকে এবং সেই রাতের আকাশ থেকে দেখা পৃথিবীর দৃশ্য উপভোগের আহ্বান জানিয়েছে সংস্থাটি। ছবিগুলো দেখে মুগ্ধ নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘রাতেও আমাদের পৃথিবী খুব সুন্দর।’ আবার কেউ বলেছেন, এই দৃশ্য মনে করিয়ে দেয়, আমাদের দৈনন্দিন সমস্যার চেয়ে মহাবিশ্ব অনেক বড়।

আরও পড়ুন