'তুমি আমার ঘুম' খ্যাত ইবরার টিপু ক্যান্সারে সংকটাপন্ন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পিএম
ইবরার টিপু। ছবি: সংগৃহীত
‘তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’ গানের সুরকার ও জনপ্রিয় সংগীত পরিচালক ইবরার টিপু বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। কিডনি ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন দেশের এই গুণী শিল্পী।
প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন এই সংগীত গুণীর সম্প্রতি মস্তিষ্কেও অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসার পর যুক্তরাষ্ট্রে নিজ বাসায় অবস্থান করছেন।
ইবরার টিপুর এই আশঙ্কাজনক শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত গীতিকার কবির বকুল। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মীর অসুস্থতার খবর জানিয়ে তিনি উল্লেখ করেন, ইবরার টিপু বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে লড়াই করছেন।
কবির বকুল তাঁর পোস্টে ইবরার টিপুর স্ত্রী ও সংগীতশিল্পী বিন্দু কণার বরাত দিয়ে জানান, হাসপাতালে যথাযথ চিকিৎসা হচ্ছে না- পরিবারের এমন আশঙ্কার জেরে অনেকটা জোর করেই টিপুকে বাসায় ফিরিয়ে আনা হয়েছে। সম্প্রতি কবির বকুলের সহধর্মিণী ও কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নীর মাধ্যমে ভিডিও কলে ইবরার টিপুর সঙ্গে কথা বলার সুযোগ হয়।
সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করা এই মানুষটার চোখে-মুখে এখনো সেই পরিচিত মায়া লেগে আছে। দূরে আছি, কিছুই করতে পারছি না, ভেতরটা ভেঙে যাচ্ছে।’’
দেশের সংগীতাঙ্গনে ইবরার টিপুর অবদান অনস্বীকার্য। তাঁর সুর ও সংগীতায়োজনে তৈরি হয়েছে বেশ কিছু কালজয়ী ও জনপ্রিয় গান। দেশের এফ এম রেডিও’র হিট লিস্টে থাকা তাঁর সুরে ‘তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’ গানটা একসময় তরুণদের মধ্যে তুমুল জনপ্রিয় ছিল। এছাড়াও তাঁর সুর করা ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’, ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’ গানগুলো আজও শ্রোতাপ্রিয়।
কণ্ঠ ও সুরের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করা এই গুণী শিল্পীর দ্রুত সুস্থতা কামনা করে তাঁর পরিবার ও সহকর্মীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।