EN ☀️
×

Follow Us

বিনোদন

আজ শিল্পকলায় রুনা লায়লার একক সংগীত সন্ধ্যা

আজ সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় গাইবেন কিংবদন্তি এই কণ্ঠশিল্পী, শোনাবেন ক্যারিয়ারের কালজয়ী ১০টি গান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৩:২২ পিএম

আজ শিল্পকলায় রুনা লায়লার একক সংগীত সন্ধ্যা

আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে একক সংগীতানুষ্ঠানে গাইবেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। ছবি: সংগৃহীত

অ অ

দীর্ঘ ৬২ বছরের সংগীতজীবনে এই প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক সংগীতানুষ্ঠানে গাইতে যাচ্ছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। আজ সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি শোনাবেন তার ক্যারিয়ারের কালজয়ী ও শ্রোতাপ্রিয় ১০টি গান। বিশেষ এই আয়োজনে শিল্পীকে দেওয়া হবে সম্মাননাও, আর টিকেট বিক্রির পুরো অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে ব্যয় করা হবে বন্যার্ত মানুষের সহায়তায়।

অনুষ্ঠান প্রসঙ্গে গণমাধ্যমকে রুনা লায়লা বলেন, সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে তার।

তিনি আরও বলেন, ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।

আয়োজকদের ভাষ্যমতে, অনুষ্ঠানে রুনা লায়লা তার গৌরবময় সংগীতজীবন থেকে বেছে নেওয়া কালজয়ী ১০টি গান পরিবেশন করবেন। শুধু গান পরিবেশনই নয়, একই অনুষ্ঠানে তাকে দেওয়া হবে বিশেষ সম্মাননাও। শিল্পকলা একাডেমি জানিয়েছে, এই আয়োজনের টিকেট বিক্রির পুরো অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।

এর আগে কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়েও একক সংগীতসন্ধ্যার আয়োজন করেছিল শিল্পকলা একাডেমি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক নাভা মেহজাবীন বলেন, দেশের জীবন্ত কিংবদন্তিদের নিয়ে এ ধরনের আয়োজন আগে খুব একটা হয়নি। তাদের প্রতি দেশের সম্মান পৌঁছে দেওয়ার চেষ্টা থেকেই এবার রুনা লায়লাকে নিয়ে এই নতুন আয়োজন।

পারিবারিক কাজে একমাসের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন রুনা লায়লা। ফিরেই তিনি ব্যস্ত হয়ে পড়েন শিল্পকলা একাডেমির এই একক অনুষ্ঠান নিয়ে।

এই অনুষ্ঠান শেষ করেই আন্তর্জাতিক ব্যস্ততায় ফিরবেন এই গুণী শিল্পী। জানা গেছে, চলতি মাসের শেষ দিকে তিনি অস্ট্রেলিয়া সফরে যাবেন এবং সেখানে একাধিক সংগীতানুষ্ঠানে প্রবাসী বাংলাভাষী শ্রোতাদের জন্য গান পরিবেশন করবেন।

বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকলেও টেলিভিশন অনুষ্ঠান ও সিনেমায় এখন কম গান করছেন রুনা লায়লা। তবে অনেক দিন পর ‘প্রিন্স’ সিনেমায় প্লেব্যাক করে সংগীতপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছেন তিনি। তরুণ শিল্পী প্রীতম হাসানের সঙ্গে গাওয়া তার ‘জ্বালা জ্বালা’ গানটিও অল্প সময়ে দর্শক-শ্রোতাদের নজর কেড়েছে।

এর আগে অনলাইন সংগীতানুষ্ঠান ‘কোক স্টুডিও বাংলা’য় ‘দামা দাম মাস্ত কালান্দার’ গানের ফিউশন পরিবেশনা দিয়েও আলোচনায় এসেছিলেন তিনি। সবশেষ ঈদের আনন্দমেলায়ও গান নিয়ে হাজির হয়েছিলেন রুনা লায়লা।

আরও পড়ুন