আর গানে ফেরা হবে না রিংকুর
শারীরিক অবস্থার অবনতির কারণে সংগীতে আর ফেরা সম্ভব নয় বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০২:০১ এএম
ছবি: সংগৃহীত
‘ক্লোজআপ ওয়ান’ তারকা ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মশিউর রহমান রিংকু দীর্ঘদিন ধরেই রয়েছেন আলো ঝলমলে সংগীতাঙ্গন থেকে দূরে। চার চারবার স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর আমূল বদলে গেছে তার জীবন। বর্তমানে গ্রামের বাড়িতে একদম নিভৃতে সময় কাটছে এই শিল্পীর। শারীরিক অবস্থার অবনতির কারণে সংগীতে আর ফেরা সম্ভব নয় বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। তবে জীবনের এই কঠিন মুহূর্তে এসে তার একটাই আকুতি— তার সৃষ্টি করা গানগুলো যেন হারিয়ে না যায়।
সম্প্রতি ‘পথের গল্প’ নামের একটি ট্রাভেল ডকুমেন্টারিতে অংশ নিয়ে নিজের বর্তমান শারীরিক অবস্থা, সংগীতজীবন এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন রিংকু।
রিংকু বলেন, ‘পুরোপুরি গানে ফেরার ইচ্ছা আমার নেই। ইচ্ছা করলেও সেই সম্ভাবনা নেই। কারণ, চারবার স্ট্রোক হয়েছে। এর মধ্যে একবার-দুবার তো কেউ জানতই না। চারবার যখন স্ট্রোক হয়ে গেল, তখন আমি বুঝলাম সব আশা শেষ। এটা মানতে হবে, কারণ এটাই সত্য। আসলে আমি যেভাবে ব্যাক করতে চাই, সেভাবে আর হবে না। পরিপূর্ণভাবে ব্যাক করতে না পারলে ব্যাক করার দরকার নেই। আমি মরে গেলেও গানগুলো তো থাকবে। একটাই আহ্বান আমার, গানগুলো যেন নষ্ট না হয়।’
তিনি বলেন, ‘শহরের মানুষের ভালোবাসা হচ্ছে কাজের জন্য ভালোবাসা। আর গ্রামের মানুষের ভালোবাসা অরিজিনাল। তারাই এখন আমার বন্ধু। একটা কথা আছে— ‘কাজ করলে কাজী, কাজ ফুরালে পাজি।’ ঠিক তেমন হচ্ছে শহরের মানুষের ভালোবাসা। যদি কারও কাজ করে দিতাম তাহলে ভালোবাসত, কাজ না করে দিলে আমি নেই— বিষয়টি এমন আরকি।’
রিংকু আরও বলেন, ‘সেই সময়ের কোনো বন্ধুই নেই এখন। কেউ খোঁজ রাখে না। যদি কারও জন্য কিছু করে থাকি, সেটা আমি করেছি। কিন্তু কারও সিমপ্যাথি (সহানুভূতি) আমি চাই না।’
২০২০ সালে প্রথমবার স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই শারীরিকভাবে ভীষণ ভুগছেন রিংকু। স্ট্রোকের কারণে শরীরের একপাশ অবশ হয়ে যাওয়ায় তার স্বাভাবিক জীবনযাপনও কঠিন হয়ে পড়ে। তবে জীবনের এই রূঢ় বাস্তবতাকে মেনে নিয়ে, শহরের কোলাহল ছেড়ে এখন গ্রামের মানুষদের অকৃত্রিম সান্নিধ্যেই দিন কাটছে একসময়ের তুমুল শ্রোতাপ্রিয় এই সংগীতশিল্পীর।