এখন সম্পাদনা করা যাবে ইন্সটাগ্রাম স্টোরি
ডেইলি সান রিপোর্ট, বিজ্ঞান ও প্রযুক্তি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:০৭ এএম
সম্পাদনা করা স্টোরিতে একটি ‘এডিটেড’ লেবেল যুক্ত থাকবে। ছবি: সংগৃহীত
ইনস্টাগ্রাম এ স্টোরি পোস্ট করার পর বানান ভুল বা ছোটখাটো কোনো ত্রুটি ধরা পড়লে পুরো স্টোরি মুছে নতুন করে আপলোড করা ছাড়া উপায় ছিল না এতদিন। কিন্তু এখন এই ভোগান্তি দূর করে নতুন সুবিধা এনেছে প্ল্যাটফর্মটি। এখন থেকে পোস্ট করার পরও স্টোরি এডিট বা সম্পাদন করা যাবে।
তবে করতে হবে প্রায় সঙ্গে সঙ্গেই। মাত্র ১৫ মিনিটের জন্য সংশোধনের সুযোগ থাকবে। তাড়াহুড়োয় কোনো ভুল হলে পুরো স্টোরি ডিলিট না করেই নির্ধারিত সময়ের মধ্যে তা ঠিক করে নেওয়া যাবে। তবে সম্পাদনা করা স্টোরিতে একটি ‘এডিটেড’ লেবেল যুক্ত থাকবে।
ইউজার বা ব্যবহারকারীরা যাতে দেখে বুঝতে পারে প্রকাশের পর কনটেন্টটিতে কোনও পরিবর্তন করা হয়েছে। সাধারণ, কনটেন্ট ক্রিয়েটর এবং ব্র্যান্ডগুলোর জন্যও এই সুবিধা বেশ কার্যকর হবে।
ভুল সংশোধনের পাশাপাশি স্টোরিকে নতুন কিছু ডিজাইন টুলও যুক্ত করছে ইনস্টাগ্রাম। এর মধ্যে রয়েছে স্টোরির ব্যাকগ্রাউন্ডে ব্লার ও গ্রেডিয়েন্টের মতো ভিজ্যুয়াল ইফেক্ট। পাশাপাশি নতুন এবং বৈচিত্র্যময় ফন্ট ও স্টিকারের বিকল্পও বাড়ানো হয়েছে।
এগুলোর পাশাপাশি কনটেন্ট নির্মাতাদের জন্য বড় ভিডিও প্রকাশের সুযোগ দিচ্ছে ইনস্টাগ্রাম। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান অ্যাডাম মোসেরি এবং ভাইস প্রেসিডেন্ট টেসা লায়ন্স এক ভিডিও বার্তায় ‘ফিচারস’ নামের একটি নতুন ফরম্যাটের ঘোষণা দিয়েছেন।
এই সুবিধার আওতায় নির্মাতারা আগে আপলোড করা রিলসের সময়সীমা বাড়িয়ে সর্বোচ্চ ৯০ মিনিট পর্যন্ত দীর্ঘ ভিডিও প্রকাশ করতে পারবেন। এতে ছোট ভিডিওর সীমা পেরিয়ে দীর্ঘ ভিডিও তৈরি করতে পারবে ক্রিয়েটররা।
নতুন নতুন এসব ফিচার আর সুবিধা বাড়ানোর মাধ্যমে ব্যবহারকারী ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুবিধা বাড়াচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি।