EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

বন্ধ হচ্ছে স্যামসাংয়ের দুটি জনপ্রিয় অ্যাপ

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

বন্ধ হচ্ছে স্যামসাংয়ের দুটি জনপ্রিয় অ্যাপ
অ অ

গ্যালাক্সি স্টোর থেকে ‘কুইক মেজার’ ও ‘এআর ডুডল’ নামের দুটি অগমেনটেড রিয়ালিটি (এআর) অ্যাপ সরিয়ে নিচ্ছে স্যামসাং। স্টোরে প্রকাশিত নোটিশ অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর এ দুটি অ্যাপের সেবা বন্ধ হবে। এরপর নতুন ডাউনলোড ও আপডেট সুবিধা আর থাকবে না। অ্যাপ বন্ধের কারণ কোম্পানিটি স্পষ্ট করেনি।

গ্যালাক্সি ডিভাইসে অ্যাপ দুটি ব্যবহার করতে চাইলে ৩১ ডিসেম্বরের আগেই ডাউনলোড করে নেওয়া ভালো। ‘কুইক মেজার’ একটি ভার্চুয়াল রুলার অ্যাপ। এর মাধ্যমে বাস্তব জগতের যেকোনো দূরত্ব ও ক্ষেত্রফল মাপা যায়। অন্যদিকে ‘এআর ডুডল’ দিয়ে ছবি ও ভিডিওর ওপর স্কেচ বা আঁকিবুঁকি করা এবং থ্রিডি ইফেক্ট যোগ করা যায়।

স্যামসাং জানিয়েছে, যাঁরা আগে থেকেই অ্যাপ দুটি ডাউনলোড করে রেখেছেন, তাঁরা তা ব্যবহার চালিয়ে যেতে পারবেন। তবে কিছু ফিচার সঠিকভাবে কাজ নাও করতে পারে। ডিভাইসের অপারেটিং সিস্টেমের ভবিষ্যৎ সংস্করণে অ্যাপ দুটি আর আপডেট পাবে না। ফলে নতুন সংস্করণে আপডেট করলে অ্যাপগুলো অকার্যকর হয়ে যেতে পারে।

নোটিশে স্যামসাং দুঃখ প্রকাশ করে বলেছে, ভবিষ্যতে উন্নত সেবা নিয়ে ফিরে আসতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। অর্থাৎ অ্যাপ দুটি আবার ফিরতে পারে। তবে কবে ফিরবে বা এগুলোর ফিচার অন্য কোনো সেবায় যুক্ত হবে কি না, তা জানায়নি প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন